'বিজেপি করাই ভুলে যাবে', প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি 'প্রভাবশালী' তৃণমূল নেতার
প্রকাশ্য সভা থেকে বিজেপিকে মারধোর করার হুমকি তৃনমূল নেতার! আর তা নিয়েই শাসক তৃণমূলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, এটাই তৃণমূলের সংস্কৃতি বলেও তোপ এক বিজেপি নেতার।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় শান্তিপূর্ণ ভোট হওয়ার আশ্বাস দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে নির্ভয়ে মনোনয়ন জমা দিতে পারেন তা তিনি নিজে নিশ্চিত করবেন বলে কথা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

অন্যদিকে ঠিক তখনই বিরোধীদের মারধরের নিদান তার দলেরই ব্লক সভাপতির। তাহলে অভিষেকের বক্তব্য কি পুরোটাই আই ওয়াস! কটাক্ষ বিরোধীদের। শনিবার কালিয়াগঞ্জ কান্ডের প্রতিবাদে পান্ডুয়ায় এক প্রতিবাদ সভা করে তৃনমূল কংগ্রেস।
আর সেই সভা থেকেই পান্ডুয়া ব্লক তৃনমূল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, '' বিজেপি বলছে তৃনমূল চোর। সব চেয়ে বড় চোর তো শুভেন্দু''। যদি বড় চোর ধরা না পরে পান্ডুয়ায় বিজেপির কোনও অস্তিত্ব রাখা হবে না বলে হুঁশিয়ারি প্রভাবশালী ওই তৃণমূল নেতার। এমনকি এমন মার মারা হবে যে বিজেপি করা ভুলে যাবে বলেও হুঁশিয়ারি ব্লক তৃনমূল সভাপতির।

প্রকাশ্যে তৃণমূল নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রকাশ্য সভা থেকে হুমকি বিরোধীদের উদ্দেশ্য। এই পরিস্থিতিতে আদৌ পঞ্চায়েত নির্বাচন কি সুষ্ঠভাবে হবে সে প্রশ্নই তুলেছে বিরোধীরা।
তৃনমূল নেতার এই বক্তব্যর প্রেক্ষিতে বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, এতো প্রকাশ্য সভা থেকে হুমকি! তৃনমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন বিরোধীরা! পঞ্চায়েত নির্বাচনে নির্ভয়ে যাতে বিরোধীরা প্রার্থী দিতে পারে তা দেখার কথা বলছেন। আর তৃনমূলের নীচুতলার নেতা মারধোর করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতার।

তাঁর কথায়, সন্ত্রাসের বাতাবরন তৈরি করতে চাইছে স্থানীয় তৃণমূল নেত্রারা। একদিকে আশ্বাস দিলেও অন্যদিকে ভয় দেখানো হচ্ছে। এর জবাব সাধারণ মানুষ ব্যালট বক্সে দেবে বলে দাবি বিজেপি হুগলি জেলা সম্পাদকের।












Click it and Unblock the Notifications