হাওড়ায় রাজীবের কার্যালয়ে জোর করে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ
সোমবার ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাকুরিয়ার অফিসে দলীয় পতাকা টাঙিয়ে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা।

শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর রবিবার হাওড়ার ডুমুরজলাতে ভারতীয় জনতা পার্টির যোগদান মেলাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই হাওড়ার ডোমজুড়ে প্রথমে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতো ও ঝাড়ু মারার ঘটনার ভিডিও ভাইরাল হয়। এরপর, দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পরানো হয় জুতোর মালা। এরপর দাহ করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও।
প্রসঙ্গত, বিধায়ক এবং মন্ত্রী হওয়ার পর দীর্ঘদিন এই পাকুরিয়ার অফিসে বসতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই অফিসে বসেই সাধারন মানুষের সমস্যার কথাও শুনতেন তিনি। সেই অফিসেই এবার টাঙিয়ে দেওয়া হল তৃণমূলের পতাকা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা জানান, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদল তারা মেনে নিতে পারছেন না। আর যেহেতু ওই অফিস আগে তৃণমূলের নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহার হয়েছে, তাই ওখানেই তৃণমূল অফিস থাকুক এটাই তারা চান।
অন্যদিকে, এই বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখন ওই অফিস ব্যবহার করতে চান। তাই দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে গন্ডগোল না করা হয়। পাশাপাশি, নিজের দলের এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের একইভাবে তিনি শ্রদ্ধা করেন বলেও জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications