লকেট যেখানে যাবেন অশান্তি হবে, হুগলির বিজেপি প্রার্থী সম্পর্কে আর কী বললেন রচনা?
লকেট চট্টোপাধ্যায় যেখানেই যাবেন, সেখানেই অশান্তি হবে। এই কথাই এত বছর ধরে জানা রয়েছে। হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এই কটাক্ষ করলেন। নিজে সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখলেন।
হুগলি লোকসভা কেন্দ্র এবার নজরকাড়া। একদিকে বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্য দিকে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনের ভোটের লড়াই সংবাদ শিরোনামে এসেছে শুরু থেকেই।

আজ পঞ্চম দখল লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট। সকাল থেকেই তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকসভা কেন্দ্র চষে ফেলেছেন। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ও ঘুরে দেখেছেন বিভিন্ন জায়গা। তাকে দেখে ভোটারদের মধ্যেও উৎসাহ নেহাত কম ছিল না।
কেউ ঝগড়া, অশান্তি করলে তাকে রসগোল্লা খাইয়ে মাথা ঠান্ডা করার পরামর্শ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকালেই এই বার্তা তার কাছ থেকে পাওয়া গিয়েছিল। সকালের দিকে এমন কোনও অশান্তি দেখতে পাওয়া যায়নি। তবে বেলা বাড়তেই বিক্ষিপ্ত কিছু ঝামেলা হুগলি লোকসভা কেন্দ্রে দেখা যায়।
লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখতে পাওয়া যায় বেশ কিছু জায়গায়। তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। একে অপরের দিকে চোর, ডাকাত বলে কটাক্ষ করেছিলেন।
এদিকে সকালবেলা রচনা বন্দ্যোপাধ্যায়ও বেরিয়ে পড়েছিলেন ভোট দেখতে। একাধিক বুথে তিনি যান। বুথের বাইরে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের লম্বা লাইন ছিল। মহিলাদের মধ্যে রচনাকে দেখে বাড়তি উৎসাহ দেখতে পাওয়া যায়।
অনেক জায়গাতেই রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটাররা ঘিরে ধরেছিলেন। তারা ছবি তোলার অনুরোধ জানান। এদিন কারোর কথাই ফেলেননি রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ ভোটারদের সঙ্গে সুযোগ মতো ছবি তুলেছেন তিনি। ভোটকেন্দ্রের ভেতর গিয়েছিলেন রচনা। এখানেও উৎসাহী তৃণমূল এজেন্টদের দেখতে পাওয়া যায়। তারাও রচনাকে সঙ্গে নিয়ে ছবি তোলেন। তবে বেশিক্ষণ কোনও জায়গাতেই দাঁড়াননি তৃণমূল প্রার্থী।
লকেট চট্টোপাধ্যায়কে দেখে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। সেই বিষয়ে রচনাকে প্রশ্ন করা হয়। তৃণমূল প্রার্থী বলেন, " এর থেকে বেশি আশা করাও যায় না তার থেকে। উনি যেখানেই যাবেন সেখানেই অশান্তি হবে। এটাই জেনে এসেছি এত বছর ধরে।" ধমকে কাজ করানো তার নেচার। মানুষকে ঠান্ডা মাথায় বুঝিয়ে কথা শোনানো যায়। এ কথা মনে করেন রচনা।
সোমবার সকাল থেকেই যথেষ্ট ঠান্ডা মাথায় হাসি মুখে দেখতে পাওয়া গিয়েছে তৃণমূল প্রার্থীকে। জেতার জন্য তিনি আশাবাদী।












Click it and Unblock the Notifications