মোদীর সামনেই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী
আরামবাগের সভামঞ্চ থেকে তৃণমূল সরকারকে জোরালো আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন মঞ্চে বসে রয়েছেন। বিজেপির তাবড় কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা মঞ্চে। তৃণমূল কংগ্রেসকে হারানোর শপথ নিলেন শুভেন্দু অধিকারী।
আরামবাগের মঞ্চেও উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। সাধারণ মানুষ, মহিলাদের উপর তৃণমূল কংগ্রেস অত্যাচার চালিয়েছে। মহিলাদের সম্মান নষ্ট করা হয়েছে। এছাড়াও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

রাজ্যের শিক্ষা দফতর জেলে রয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি। রাজ্যের মানুষের জন্য প্রধানমন্ত্রী চাল, গম পাঠান। সেই নিয়েও দুর্নীতি করেছে এই সরকার। লুট করেছে এই রেশন ব্যবস্থা। বাকিবুর রহমান, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকার বরাবর দাবি করে কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা দিচ্ছে না। একশো দিনের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। আরামবাগের সভামঞ্চ থেকে ফের একশো দিনের কাজের দুর্নীতির কথা তুলে আনলেন শুভেন্দু অধিকারী। ১০০ দিনের কাজে মোদী সরকার টাকা পাঠাতেন। কিন্তু সেই টাকা লুট করা হয়েছে। কংগ্রেস জামানায় ১৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। গত ৯ বছরে ৫৪ হাজার কোটি টাকা সরকার দিয়েছে। সেই টাকা লুট হয়েছে রাজ্যে।
শৌচালয়ের টাকাও তৃণমূল কংগ্রেস লুট করে নিয়েছে। ৭২ লক্ষ শৌচালয়ের জন্য চার হাজার ৬০০ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছিল। সেই টাকার হিসেব পাওয়া যায়নি। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত ৯ বছরে ৩০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ৪০ লক্ষ বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। সেই টাকা নিয়েও দুর্নীতি হয়েছে বলে রাজ্যে বিরোধী দলনেতার দাবি।
পঞ্চায়েত ভোটে লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছে বাংলায়। বিজেপির কর্মী সমর্থকরা মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন তৃণমূলের হাতে। তিন বছর ধরে বিজেপি লড়াই করেছেন তিলে তিলে চোখে চোখ রেখে। মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস দাস মারা গিয়েছেন। এছাড়াও ৫৭ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর।
এই সব কিছুর হিসাব হবে। গলার সুর চড়ালেন শুভেন্দু। এলাকার মহিলাদের বক্তব্য থেকে সন্দেশখালির অত্যাচারের ঘটনা সামনে এসেছে। এবারে ৩৫টি আসন বাংলা থেকে অমিত শাহ চেয়েছেন। সেই লক্ষ্যে বঙ্গ বিজেপিকে কাজ করতে হবে। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারীর।












Click it and Unblock the Notifications