মানুষের পাহারাদার তিনি, জমিদার নন, হাওড়া থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতার
আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন। যতদিন বাঁচবেন ততদিন আন্দোলন করবেন। হাওড়ার সরকারি পরিষেবা প্রধান মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে কিছুতেই আটকে রাখা যাবে না। মানুষের সঙ্গেই তিনি সবসময় থাকবেন। এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাওড়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পরিষেবার উদ্বোধন করেন তিনি। হাওড়া জেলা আরও উন্নত হয়ে উঠবে। কর্ম সংস্থানের রাস্তা খুলে যাচ্ছে। জেলায় শিল্পেও নতুন জোয়ার আসবে। এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জোর গলায় বলেন, " আমি জোতদার, জমিদার নই। আমি পাহারাদার। আমি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবোই।" রাজনৈতিক জীবনে তিনি সবসময় আন্দোলন করেই এগিয়ে এসেছেন। আগামী দিনেও একইভাবে তিনি আন্দোলন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, "আমার নাম আন্দোলন। আমার নাম সংগ্রাম।"
একশো দিনের কাজে বাংলা এক নম্বর ছিল। সেই কারণে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের পাওনা টাকাও কেন্দ্র দিচ্ছে না। হাওড়ার মঞ্চ থেকে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী। আবাস, সড়ক যোজনাতেও কেন্দ্র টাকা দিচ্ছে না। সরকারি প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল। তারপরেও রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়ন করে চলেছে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সাধারণ বাড়ির মা বোনেরা যেমনভাবে সংসার চালান, তেমনভাবেই তিনি ভাবেন। তেমনভাবেই তিনি রাজ্যে সরকার চালাচ্ছেন। এটি তাঁর কাছে সংসার চালানোর মতোই। এদিন এমনই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।
হাওড়া জেলায় শিল্পের জন্য বিনিয়োগ করা হচ্ছে। শিল্পে নতুন জোয়ার আসবে। চাকরিও হবে এই জেলায়। আরও অনেক বিনিয়োগের রাস্তা খুলবে। শিল্প পার্ক হয়েছে। হাজার হাজার চাকরির সম্ভাবনা আরও বেশি। দুই হাজার কোটি টাকা আগামী দিনে বিনিয়োগ হবে। এমন কথা এদিন জানা গিয়েছে। ডুমুরজলা স্টেডিয়ামের জন্য ২০ কোটি টাকা ধার্য করা হয়েছে।
নিম্ন দামোদর উপত্যকায় বন্যা এক ভয়াবহ বিষয়। প্রতি বছর বন্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়েন। বাড়িঘর ডুবে যায়। চাষের জমি চলে যায়। এবার সেজন্য নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতি উন্নত করার জন্য কাজ শুরু হবে। ২৭৬৮ কোটি টাকা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে নিম্ন দামোদর উপত্যকার ৩০ লক্ষ মানুষের সুরাহা হবে এর ফলে।












Click it and Unblock the Notifications