RG Kar Hospital: 'ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন', আরজি কর ইস্যুতে বার্তা জগৎগুরু শঙ্করাচার্যের
RG Kar Hospital Doctor Death: আরজি কর (RG Kar Hospital) ইস্যুতে উত্তাল বাংলা। ঘটনার ৫০ দিনেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও বিচার অধরা। কিন্তু সময় যত গড়াচ্ছে, আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র হচ্ছে। কার্যত প্রত্যেকদিনই মানুষ পথে নেমে ক্ষোভ-বিক্ষোভ জানাচ্ছেন। এবার আরজি কর ইস্যুতে মুখ খুললেন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ (Shankaracharya Avimukteshwaranand) ।
আজ বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে গো ধ্বজ স্থাপনা অনুষ্ঠান ছিল। আর সেখানে যোগ দিতেই শহরে এসেছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ। আর সেখানেই আরজি কর ইস্যুতে (RG Kar Hospital Doctor Death) তাঁকে প্রশ্ন করা হলে ঘটনায় দুঃখপ্রকাশ করেন।

এই সঙ্গে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ বলেন, এই ধরনের (RG Kar Hospital Doctor Death) ঘটনা কখনোই কাম্য নয়। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এই ধরনের ঘটনা যেমন ঘটাও ভুল তেমনই এই ঘটনা ঘটার পর তাকে ধামাচাপা দেওয়া বা প্রমাণ লোপাটের চেষ্টাও বিরাট বড় ভুল বলে মন্তব্য করেন মহারাজ।
শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। যাতে মানুষ বুঝতে পারে ন্যায়ের শাসন চলছে। অন্যথায় সরকার যতই মজবুত হোক না কেন ধরাশায়ী হয়ে যাবে বলে মন্তব্য করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ।
এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (West Bengal CM) কার্যত সতর্ক করে দেন। এই প্রসঙ্গে তাঁর দাবি, যখন মানুষ বুঝবে যে সেখানে ন্যায় হচ্ছে না, তা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই হোক না কেন ধরাশায়ী হবে। এই বিষয়ে বর্তমান সরকারকে গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।
বলে রাখা প্রয়োজন, এই ইস্যুতে ইতিমধ্যে একাধিক ব্যক্তিত্ব রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে এবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। বর্তমান পরিস্থিতিতে এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসকদলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করায় অতীত ও বর্তমান কেন্দ্রের দুই সরকারের বিরুদ্ধেই এদিন ক্ষোভ প্রকাশ করলেন জগৎগুরু শঙ্করাচার্য।












Click it and Unblock the Notifications