বউবাজার-সল্টলেকের পুনরাবৃত্তি! মোবাইল চোর সন্দেহে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ
ফের বউবাজার-সল্টলেকের ঘটনার পুণরাবৃত্তি! এবার ঘটনাস্থল হাওড়া। মোবাইল চোর সন্দেহে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাওড়ার বাঁকড়ায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি স্থানীয় থানায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
আহত ওই যুবককে এলাকারই এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। যুবকের দাবি মিথ্যা অপবাদে তাকে মারধর করা হয়েছে। তবে, হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।

ঘটনায় প্রকাশ, শুক্রবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ওই যুবক মল্লিকবাঁধ এলাকায় বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন যুবক তার পথ আটকায়। তারা অভিযোগ করে ওই যুবক মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছে। কিন্তু ওই যুবক তাদের বোঝানোর চেষ্টা করে তিনি মোবাইল চুরি করেননি। সম্পূর্ণটাই মিথ্যা অভিযোগ। কিন্তু কেউ তার কথা শোনেননি বলে যুবকের দাবি।
এরপরই তাকে কিল, চড়, ঘুষির পাশাপাশি লাঠি দিয়ে মারধর করা হয়। আহত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পেরে বাঁকড়ার এক নার্সিংহোমে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডোমজুড় থানার পুলিশ সূত্রের খবর, তারা এখনো লিখিত অভিযোগ পাননি। পরিচিতদের মধ্যে ঝামেলার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো বলেন, গণপিটুনি বা ওই জাতীয় কোনও ঘটনা ঘটেনি। ৫-৬ জন বন্ধু মিলে খাওয়াদাওয়া করছিলেন। তখনই কোনও কারণে মোবাইল নিয়ে মারামারি হয়। মারামারির ঘটনায় জখম হন এক যুবক। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় নিগৃহতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পাশাপাশি পুলিশকেও স্বত:প্রণোদিত মামলা করতে দেওয়া হয়নি। ফলে কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত পুলিশ নিতে পারেনি। তবে পুরো ঘটনার উপর পুলিশ-প্রশাসন কড়া নজর রাখছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে শহর এবং শহরতলিতে। বউবাজারে মোবাইল চোর সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটেছে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে সল্টলেকেও। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনিতি। আর এর মধ্যেই ফের একবার গণপিটুনি।












Click it and Unblock the Notifications