RG Kar Hospital Scam: তদন্তে গিয়ে ভুল বাড়িতে সিবিআই! হাওড়ার বিপ্লব সিপিআইএম থেকে তৃণমূলে, দাবি স্থানীয়দের
RG Kar Hospital Scam: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বড় ভুল। হাওড়ায় বিপ্লব সিংকে খুঁজতে গিয়ে তদন্তকারীরা ঢুকে পড়লেন ভুল বাড়িতে। ঘণ্টাখানেক পর ভাঙল ভুল।
এর আগে, একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পৌঁছে গিয়েছিলেন ভুল ঠিকানায়। ইডির সেই ভুল এবার সিবিআইয়ের।

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের বাড়ি-সহ আজ সকাল থেকেই অন্তত ১৫টি জায়গায় হানা দিয়েছে সিবিআই। কিন্তু হাওড়ায় ঘটল অভাবনীয় ঘটনা। তারা মা ট্রেডার্সের মালিকের সন্ধানে নেমে সিবিআই ঢুকে পড়ল তারা মা বিল্ডার্সের মালিকের বাড়িতে।
জানা গিয়েছে, সাতসকালে মদন ঘোড়ুইয়ের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। মদন তারা মা বিল্ডার্সের মালিক। কিন্তু সিবিআই খুঁজছিল তারা মা ট্রেডার্সের কর্ণধার বিপ্লব সিংকে। বিপ্লব আরজি কর হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সামগ্রী সরবরাহ করতেন বলে জানা যাচ্ছে।
ঘণ্টাখানেক মদনের বাড়িতে নথি পরীক্ষার পর তদন্তকারীরা বুঝতে পারেন কোথাও একটা গোলমাল হয়েছে। মদনের বাড়িতে থাকাকালীনই সিবিআই আধিকারিকরা নিশ্চিত হন বিপ্লবের সংস্থার নাম তারা মা ট্রেডার্স। ভুলের জন্য ক্ষমা চেয়ে মদনের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই।
এরপরই বিপ্লবের বাড়িতে তদন্তকারীরা যান। সকালবেলায় এলাকায় সিবিআই হানা দেখে বেরিয়ে পড়েন উৎসুক পড়শিরা। এই প্রতিবেদন লেখার সময়ও তল্লাশি চলছে বিপ্লবের দোকান ও বাড়িতে। কেউই মুখ খুলছেন না। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে নানা তথ্য।
বিপ্লবের বাড়ির পাশের এক মহিলা বলেন, বিপ্লবের বাবা সম্ভবত আরজি কর হাসপাতালের মর্গে কাজ করতেন। বিপ্লব প্রথম আঁকা, দেওয়াল লেখার কাজ করতেন। তারপরই কয়েক বছরের মধ্যে তাঁর প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে। পুরানো বাড়ি ভেঙে বিশাল নতুন বাড়ি বানান।
আরেক প্রতিবেশীর দাবি, প্রথমে বিপ্লব এলাকার মানুষজনের সঙ্গে কথা বলতেন। তবে পরের দিকে সেটা কমিয়ে দেন। এলাকার প্রতিবেশীর বিরুদ্ধে মামলাও করেন। গত ৬-৭ বছরে বিপ্লব তিন-চারটি জায়গায় জমিও কিনেছেন বলে জানান প্রতিবেশীরা।
হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার পাওয়ার পর আজ গতি বাড়িয়েছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাতেই এলাকায় প্রভাব, প্রতিপত্তি বেড়েছে বিপ্লবের। আচমকা ধনী হওয়ায় দূরত্ব বাড়ান এলাকাবাসীর সঙ্গে।
সাঁকরাইলের হাটগাছার কেউই ঠিকভাবে বলতে পারেননি ঠিক কীসের ব্যবসা করেন বিপ্লব। তাঁর নাম আরজি কর হাসপাতালে দুর্নীতিতে জড়াবে, এটাও প্রথমে কেউ ভাবেননি। এক বাসিন্দা জানালেন, বিপ্লব একবার সিপিআইএমের টিকিটে ভোটেও লড়েছিলেন। এলাকাবাসীর দাবি (যার সত্যতা যাচাই করতে পারেনি ওয়ানইন্ডিয়া), বছর দেড়েক আগে বাসুদেবপুরে তাঁর গলায় মালা পরিয়ে তৃণমূলে যোগদান করান হাওড়া জেলার তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। কল্যাণ ঘোষ এ ব্যাপারে প্রতিক্রিয়া দিলে তা এই প্রতিবেদনে যোগ করা হবে।












Click it and Unblock the Notifications