RG Kar Hospital Scam: আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে সিবিআই হানা হাওড়ায়, নজরে সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লব
RG Kar Hospital Scam: আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি ও অনিয়মের তদন্তে নেমে ঝোড়ো ব্যাটিং সিবিআইয়ের। আজ অন্তত ১৫ জায়গায় একই সময়ে সকাল থেকে সিবিআই হানা চলছে।
কলকাতার পাশাপাশি হাওড়াতেও চলছে সিবিআইয়ের অভিযান। সাতসকালেই বিপ্লব সিংয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

ইতিমধ্যেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, নানা সংস্থাকে বরাত দেওয়ার ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যেমন- বর্জ্য ব্যবস্থাপনার কোনও পরিকাঠামো নেই, এমন সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহের বরাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আজ সকালে হাওড়ার সাঁকরাইলের হাটগাছা এলাকায় বিপ্লব সিংয়ের দোকান এবং বাড়িতে হানা দেয় সিবিআই। জানা গিয়েছে, এই ব্যবসায়ী বিপ্লব সিং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিংয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজি কর হাসপাতালে মেডিক্যাল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিপ্লবরা চার ভাই। এলাকার লোকজনের সঙ্গে মেলামেশা করেন স্বাভাবিকভাবেই। তাঁর এক পুত্র কলেজের পড়ুয়া। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিপ্লবের কোনও ওষুধের দোকান নেই। তিনি পেইন্টিংয়ের ব্যবসা করেন। ফলে কীভাবে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সামগ্রী সরবরাহের বরাত পেলেন সেটাই বড় প্রশ্ন।
বিপ্লবের বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। সিবিআইয়ের তদন্তকারীরা বা বিপ্লবের পরিবারের কেউ এখনও মুখ খোলেননি। তবে বিপ্লবের প্রভাব-প্রতিপত্তি ভালোই রয়েছে বলে জানা গিয়েছে। তিনি পুরানো বাড়ি ভেঙে ফেলে বিরাট বাড়ি করেছেন। সেই বাড়িতেই সাতসকালে সিবিআই হানা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।












Click it and Unblock the Notifications