রাতভর তাণ্ডব চালিয়েছে রেমাল, হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলের তলায়
সিভিয়ার সাইক্লোন রেমালের দাপট অব্যাহত। হাওড়া জেলাতেও প্রবল ও ভারী বৃষ্টি রাতভর। আর তার জেরে দুর্বিষহ অবস্থা শহর ও আশপাশের এলাকার। বহু এলাকা জলের তলায়। গাছ পড়ে অবরুদ্ধ হয়ে আছে একাধিক জায়গা।
গতকাল মাঝ রাত থেকে রেমালের প্রকোপ পড়তে শুরু করে। যত রাত বাড়ে অনুভব করা যায় রেমালের তাণ্ডব। কলকাতা তো বটেই, হাওড়ার বিস্তীর্ণ এলাকা রেমালের কবলে। রাত যত বেড়েছে, ততই বেড়েছে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট৷

হাওড়া পুরসভা, বালি পুরসভার বহু অঞ্চল জলের তলায়। কোথাও হাঁটু সমান জল। কোথাও তারও বেশি। বৃষ্টি সোমবার সকালেও চলছে৷ বলা ভালো আজও অতি বর্ষণের কথা আলিপুর হাওয়া অফিস থেকে বলা হয়েছে। ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সেই আশঙ্কা করা হচ্ছে।
হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা, বেলিসিয়াস রোড, হাওড়া ময়দান এলাকার বহু রাস্তা জলমগ্ন। হাওড়ার চার্চ রোডের কেলভিন কোর্টের রেলওয়ে আবাসনের ভিতর জল জমে আছে। ঘরবন্দি হয়ে আছেন বাসিন্দারা। নীচের ঘরগুলিতে জল ঢুকে গিয়েছে। তার মধ্যেই দিন কাটাতে হচ্ছে।
গাছ পড়ে রয়েছে আবাসনের ভিতরে। জল না কমলে পরিস্থিতি উন্নতির জন্য কাজও শুরু করা যাবে না। আজ সোমবার সকালে বাসিন্দাদের মধ্যে শুকনো খাবার দেওয়া হয়৷ মেট্রোর কাজের জন্য এই জল জমছে। এমন অভিযোগ করা হচ্ছে।
'রেমাল' এর তাণ্ডবে রাতভর ভারী বৃষ্টিতে হাওড়ার বালি পুরসভার ১৬টি ওয়ার্ডই এই মুহূর্তে জলমগ্ন। দুর্ভোগে সাধারণ মানুষ। প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন সবকটি ওয়ার্ড। বেশ কিছু জায়গায় গাছ পড়েও বিপত্তি ঘটেছে। বিদ্যুতের খুঁটিও উপড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বহু জায়গায় বিদ্যুৎ নেই।












Click it and Unblock the Notifications