হাওড়ায় ভোট দিয়ে খুশি প্রসূন, রথীন, সব্যসাচী, কী বার্তা দিলেন তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থী?
Howrah Lok Sabha Election 2024: হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি প্রার্থীই। সোমবার সকালে ভোট দিলেন সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। বেলা ১০ টার দিকে ভোট দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
ভোট দিয়ে অত্যন্ত খুশি তৃণমূল প্রার্থী। প্রতি বারই ভোট দিয়ে আনন্দ হয়। হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়কে সঙ্গে নিয়ে তিনি এদিন ভোট দিতে গিয়েছিলেন। প্রসূণ সম্পূর্ণ আশাবাদী। ভোটের ব্যবধান আরও বাড়তে পারে। এবার সেই আশাও তিনি করছেন।

এদিনও বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী সম্পর্কে খোঁচা দিলেন প্রসূন। রথীন হাওড়ার মেয়র পদে ছিলেন। তিনি আরও ভালো কাজ করতে পারতেন। মেয়র না থাকলেও তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারতেন। তিনি করলেন না। বিজেপিতে চলে গেলেন।
গত বার বিধানসভা নির্বাচনেও রথীন হেরে গিয়েছেন। মানুষ কতটা তাঁকে চেনে? প্রশ্ন তৃণমূল প্রার্থীর। এবারও রথীন চক্রবর্তী হারবেন। এই দাবি করেছেন প্রসূন। এদিন সকাল সাতটা নাগাদ ভোট দিতে এলেন হাওড়ার বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ার কাসুন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন রথীন। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন সকাল থেকেই এই স্কুলের চারটি বুথে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।
হাওড়ার আর্য বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, গতকাল উত্তর হাওড়া, লিলুয়া সহ বিভিন্ন জায়গায় কিছু গণ্ডগোল হয়েছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে, ভোটারদের কাছে আবেদন প্রত্যেকে ভোটদান করুন। উৎসবের মেজাজে ভোট দিন।
হাওড়ার কাসুন্দিয়া মহাকালী বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন ওই বুথেই ভোট দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়ায় এখনও পর্যন্ত ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হচ্ছে। ভোটদানের হার ভালোই।












Click it and Unblock the Notifications