বালিতে ঢাক বাজিয়ে হুড খোলা গাড়িতে প্রচারে প্রসূন, ফুলের বৃষ্টি এলাকায়
বৃষ্টির কারণে ভাজাপোড়া গরমের অনুভব নেই। মঙ্গলবার সকালেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বালি অঞ্চলে এদিন প্রচার করলেন তিনি।
হুডখোলা গাড়িতে ছিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ। সঙ্গে ছিলেন বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়। হুডখোলা জিপে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে এদিন প্রচার করেন প্রসূন। বালির চৈতলপাড়া, গোস্বামীপাড়া-সহ বিভিন্ন এলাকায় এদিন প্রচার ও জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী।

প্রচুর সংখ্যায় তৃণমূলের কর্মী সমর্থক এদিন প্রচারে নেমেছিলেন। বাড়ির মহিলারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান। বহু বাড়ির ছাদ, উপরের বারান্দা থেকে গোছা গোছা ফুলের পাপড়ি ছড়ানো হয়েছিল। তৃণমূল প্রার্থীও এই এলাকায় প্রচার করে অত্যন্ত খুশি। এমনই জানিয়েছেন তিনি।
এদিনের সকালের প্রচারে একাধিক ঢাক বাজানো হয়েছিল। ধীর গতিতে গাড়ি এগিয়েছে সামনে। রাস্তার দুপাশেও বহু মানুষ সকালে উপস্থিত ছিলেন৷ তাদের সঙ্গে প্রার্থীর শুভেচ্ছা বিনিময় হয়৷ বালির প্রাচীন বুড়িমার মন্দিরে পূজো দিয়ে এদিন প্রচার শুরু করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রচারে ভিড় ছিল চোখে পড়ার মতো।
হাওড়ার তিন বারের সাংসদ তিনি। এবারও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেই প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। এলাকার উন্নয়নের জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায় সব সময় আছেন। প্রচারে কাউকেই ডাকা হচ্ছে না। সকলেই ঝাঁপিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মানুষ। সেজন্য এত মানুষ সাড়া দিচ্ছেন। এমনই দাবি তৃণমূল প্রার্থীর।
হাওড়ায় তৃণমূলের মধ্যে যে বিবাদ ছিল, সেইসব মিটে গিয়েছে। ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়। আবার মিটেও যায়। এমনই জানিয়েছেন প্রসূন। বিরোধীরা নির্বাচনে লড়াই করছেন ঠিকই। কিন্তু তারা জিততে পারবেন না। এমনই দাবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।
জেতার পরে আরও উন্নয়ন করা হবে হাওড়া। বিশেষ করে হাসপাতালের দিকে নজর দেওয়া হবে। এছাড়াও পানীয় জলের সমস্যা আছে। সেই সমস্যা দূর করার জন্যও কাজ হবে৷ এদিন জানিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications