বন্যা পরিস্থিতিতে হাওড়ার প্রত্যন্ত এলাকায় নৌকা করে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ
যত দূর তাকানো যায়, শুধুই জল৷ কোনও কিছুই আর দেখা যাচ্ছে না। কোনটা চাষের জমি, আর কোনটা রাস্তা, বুঝে ওঠার উপক্রম নেই৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষজন অনেকেই উঁচু, পাঁকা স্কুলবাড়িতে উঠে রয়েছেন। কিন্তু এত জলে ত্রাণ পাওয়াটাও সমস্যা হচ্ছে।
সেজন্য পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দিল। সাম্প্রতিক বন্যায় হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়ণপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। অসংখ্য মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে ত্রাণকার্য চালাচ্ছে গ্রামীণ জেলার পুলিশ প্রশাসনও।

দুর্গত মানুষকে দেওয়া হচ্ছে শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানীয় জল। হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার, ওসি উদয়নারায়ণপুর, সিআই আমতা, এসডিপিও আমতা, ডিএসপি ডিএনটি স্পিডবোটে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলবন্দি এলাকায় ও উদ্ধার কেন্দ্রে। দুর্গত মানুষের হাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার।
পরিস্থিতি কবে উন্নত হবে? তা এখনও জানা যাচ্ছে না। জল কিছু এলাকায় কমেছে বটে। কিন্তু বহু এলাকাতেই জল বেড়েছে। রূপনারায়ণএখনও ফুঁসছে। চরম বিপদসীমার অনেক উপর দিয়ে জল বইছে। দামোদরের জলস্তরও বিপদসীমার অনেক উপরে আছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম আতঙ্ক ও দুর্ভাবনার মধ্যেই দিন কাটাচ্ছে৷
বহু প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না প্রতিনিয়ত। তার উপর পানীয় জলের যথেষ্ট সঙ্কট রয়েছে। এলাকার পানীয় জলের কোনও উৎস এখন আর ব্যবহারযোগ্য নয়। ফলে প্যাকেটের পানীয় জল সাধারণ মানুষের জন্য পাঠানো হচ্ছে। সেই জল পৌঁছে দেওয়াটাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই কাজ করছেন পুলিশ কর্মীরা।
নৌকো করে পুলিশ কর্মীরা বেরিয়ে পড়েছেন দুর্গত এলাকাগুলিতে। প্রতিদিন খাবার নিয়ে বেরোচ্ছেন তারা। সঙ্গে থাকছে পর্যাপ্ত পরিমাণে প্যাকেট করা পানীয় জল। সাধারণ মানুষের মধ্যে খাবার ও পানীয় জল বিলি করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যাতে আয়ত্তে থাকে, সাধারণ মানুষের যাতে বড় কোনও সমস্যা না হয়। সেজন্য এত প্রতিকূলতার মধ্যে নজরদারি রয়েছে।












Click it and Unblock the Notifications