প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও বন্ধ করতে পারবেন না লক্ষ্মীর ভান্ডার? আরামবাগের সভায় কী বললেন অভিষেক?
আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়ন করছে রাজ্য সরকার। সেই উন্নয়ন দেখেই মানুষকে ভোট দিতে আবেদন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
এলাকার সার্বিক উন্নয়ন, আবাস ও অন্যান্য বিষয়ে যে সব সময় পাশে থেকেছে, তাকে ভোট দিন। লক্ষ্মীর ভান্ডার চালু করেছে তৃণমূল। এই প্রকল্প বিজেপি বন্ধ করতে পারবে না। দাবি করেছেন অভিষেক।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা কোনও নেতার নেই। আমি কথা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবেন না। "
প্রধানমন্ত্রী আরামবাগে দুবার সভা করেছেন। করোনার সময় কেন তিনি আসেননি? এখন ভোট বলে এসেছেন? প্রধানমন্ত্রী কৃষিজমি নষ্ট করে সভা করেছেন। এদিন অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১১ সালের মে মাসে তৃণমূল বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে। মে মাসের ২০ তারিখ শপথগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তারিখে আরামবাগে লোকসভা নির্বাচন। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানোর আবেদন করলেন অভিষেক।
আরামবাগও বন্যাপ্রবণ। বর্ষার বন্যায় বহু এলাকা ডুবে যায়। রাজ্য সরকার নিজের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান করবে। এই কথা আগেই প্রচারে জানিয়েছে তৃণমূল। আরামবাগেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তুলে ধরলেন তিনি৷
সন্দেশখালির ইস্যু নিয়েও আরামবাগের সভায় সরব হলেন অভিষেক। বিজেপি দেশের কাছে পশ্চিমবঙ্গের সম্মান নষ্ট করেছে। টাকা দিয়ে মহিলাদের অভিযোগে বাধ্য করা হয়েছিল। এমনই দাবি করেছেন তৃণমূল নেতা। বিজেপি সরকারের আমলে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। এদিন দ্রব্যমূল্য নিয়ে সরব অভিষেক৷












Click it and Unblock the Notifications