Panchayat Election 2023: তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী 'চোর'! চাঞ্চল্য হাওড়ায়
Panchayat Election 2023: তৃণমূল জেলা পরিষদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও পোস্টারে লেখা চোর। যা দেখেই চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়।
বিরোধীরাই এ কাজ রাতের অন্ধকারে করেছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। সকাল থেকেই সাদা রং দিয়ে 'চোর' মোছার কাজ চালাচ্ছেন তৃণমূল কর্মীরা।

হাওড়ার ডোমজুড় ব্লকের বাঁকড়া-২ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদারের দেওয়াল লিখন এবং পোস্টারে দেখা গেল কালি দিয়ে লেখা 'চোর'। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। সাধারণ মানুষজনদের দেখা যায় পোস্টার ও দেওয়াল লিখন দেখতে ভিড় জমাতেও।

হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, এটা বিরোধীদের কাজ। তারাই আমাদের সঙ্গে পেরে উঠতে না পেরে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে এই কাজ যে-ই করে থাকুক পুলিশ তদন্ত করবে।

প্রার্থীকে ঘিরে আরও অসন্তোষ রয়েছে। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, দলের তরফে বলা হয়েছিল পোস্টারে নিজের ছবি না দিতে। কিন্তু এখানে জেলা পরিষদ প্রার্থী সেই নির্দেশ অগ্রাহ্য করেছেন বলে অভিযোগ। যদিও এতে দোষের কিছু দেখছেন না কল্যাণ ঘোষ। তিনি বলেন, প্রার্থী পরিচিতির জন্য ছবি ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, শামসুল আলম তরফদার বাঁকড়া অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। পাশাপাশি তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী। শামসুল আলমের বিরুদ্ধে এবার পঞ্চায়েতের মনোনয়ন পর্বের দিন আইএসএফ প্রার্থীকে মনোনয়ন দিতে বাধাদান এবং ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছিল।
এবার শামসুলের পোস্টার ও দেওয়াল লিখনেই চোর লেখা হলো! এমনিতেই তৃণমূল নেতাদের কটাক্ষ করে বিরোধীরা তাঁদের চোর বলে ডাকছেন। শীর্ষস্তরের নেতাদের উদ্দেশ করেও চোর-চোর স্লোগান উঠেছে। কিন্তু পঞ্চায়েত ভোটের প্রচারে পোস্টার ও দেওয়াল লিখনে চোর লেখা নিশ্চিতভাবেই গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করল।












Click it and Unblock the Notifications