Panchayat Election 2023: অভিষেক নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়! আক্রমণ শানালেন প্রিয়াঙ্কা
হাওড়ার ভোট প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর সাফ কথা, তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের জন্য কিছুই করেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উন্নয়ন করেছেন। কিন্তু মানুষের উন্নযন তিনি করতে পারেননি।
অভিষেককে নিশানা করে হাওড়ায় প্রচার সারতে দেখা গেল বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। তিনি বলেন, এঁরা রাজ্যের মানুষের জন্য কিছু করে না। এঁরা শুধু নিজেদের উন্নয়ন করেছেন, মানুষের নয়। আজকে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে। কিন্তু তাতে কি আদতে মানুষের উন্নয়ন হচছে, প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার কথায়, আপনারাই দেখুন বিজেপিশাসিত অন্যান্য রাজ্যে অনেক বেশি সুযোগ-সুবিধা মানুষ পান। মানুষের উন্নয়ন পরিকল্পনা রয়েছে সেখানকারা সরকারের। আর বাংলায় শুধু দেওয়া-নেওয়ার রাজনীতি। বাংলার মানুষকে সমস্ত উন্নয়ন থেকে এই বাংলার সরকার বঞ্চিত করে রেখেছে।
মঙ্গলবার হাওড়ার সাঁকরাইল ব্লকের আন্দুল পাঁচপাড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেখানে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান তৃণমূলকে। তিনি বলেন, তৃণমূলের কথা কেউ শোনে না। সকলেই জানে মিথ্যেবাদীর অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল।
প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, কিছুদিন আগে রাজ্যপাল ভালো ছিল তৃণমূলের কাছে। এখন তিনি খারাপ হয়ে গেলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উন্নয়ন গেটের সামনে দাঁড়িয়ে আছে। যদি উন্নয়ন গেটের সামনে দাঁড়িয়ে ছিল তাহলে ভাইপো কেন বাঁদরের মতো গাড়ির উপর দাঁড়িয়ে এদিক-ওদিক করল?

প্রিয়াঙ্কা বলেন, আসলে উনি নিজের উন্নয়ন করেছেন, মানুষের নয়। যখন থেকে তৃণমূল এসেছে, তখন থেকে আজ পর্যন্ত দল থেকে বেরিয়ে এত নির্দল প্রার্থী আগে হয়নি। এতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে যাচ্ছে। নির্বাচনে দাঁড়ানোর জন্য এক তৃণমূল কর্মী অন্য তৃণমূল কর্মীকে খুন করছে। কাটমানির জন্য খুন করছে। কিন্তু সরকার খুঁজে পাচ্ছে না খুনিদের।
প্রিয়াঙ্কা বলেন, মানুষের জীবনের দাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তৃণমূল রাজ্যে আইন ব্যবস্থা ধ্বংস করেছে। নিজের কাছের লোককে পদে বসাচ্ছে। পুলিশকে নিজেদের মতো করে চালাচ্ছে তারা। রাজ্যপাল নিজের সাংবিধানিক অধিকার ভালো করেই জানেন। সেইজন্য তিনি নিজে গিয়ে সাধারণ মানুষের কষ্ট দেখে যখন বলছেন তখন টিএমসির কষ্ট হচ্ছে। সত্য কেউ শুনতে পছন্দ করে না।












Click it and Unblock the Notifications