Panchayat Election 2023: পঞ্চায়েতে প্রার্থী পছন্দ হয়নি, নির্দল প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছে সিপিএম
শুধু শাসক তৃণমূল বা প্রধান বিরোধী বিজেপিতেই নয়, কোন্দল 'শূন্যে' নামা বামফ্রন্টেও। বামফ্রন্টেও প্রার্থী নিয়ে কোন্দল এবার চরমে উঠেছে। গ্রামসভায় প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় প্রার্থীকে বাদ দিয়ে নির্দলের হয়ে প্রচার করছে সিপিএম।
সাধারণত সিপিএমে যা কোনোদিন দেখা যায়নি, সেটাই এবার প্রকট হয়েছে পঞ্চায়েত ভোটের ময়দানে। কংগ্রেস-তৃণমূলের কালচারটা এবার প্রবেশ করেছে বাম দলের অন্দরেও। তাই দলের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ প্রার্থীর সঙ্গে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে নির্দল প্রার্থীর সমর্থনে।

পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থী নিয়ে বাম শিবিরে কোন্দল বেশ অভিনব ব্যাপার। তবে এই ঘটনা বামফ্রন্টের দুই শরিক দল সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের কোন্দলের ফল বলে মনে করা হচ্ছে। দুই বাম শরিকের কোন্দলকে আবার স্বামী-স্ত্রীর ঝগড়া বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
হুগলির বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের মন্দারন এলাকার ১৯৬ নম্বর বুথের ঘটনা। এই বুথে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক মনোনীত বন্দনা মণ্ডলকে। কিন্ত তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সিপিএম কর্মী-সমর্থকেরা। বন্দনার জায়গায় নির্দল প্রার্থী ঝুমা মৈত্র ধারাকে সমর্থন করছে সিপিএম।

বামফ্রন্টের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ প্রার্থীর সঙ্গে একই দেওয়ালে প্রচার চালানো হচ্ছে নির্দল প্রার্থী ঝুমা মৈত্রের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফরওয়ার্ড ব্লক নেতা বনমালী দাস বলেন, ওটা রিজার্ভ সিট। সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের একটা জোট রয়েছে।
তাছাড়া ২০১৩ সাল থেকে ওই বুথে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিচ্ছে। কিন্তু প্রত্যেক বার সিপিএম থেকে একটা করে গোঁজ প্রার্থী দেয়, এবারও দিয়েছে। আমাদের প্রার্থীকে হারানোর পরিকল্পনা। বিষয়টি সিপিএমের উচ্চ নেতৃত্বকে জানালে তাঁরা জানিয়েছেন যাঁরা এই ঘটনা ঘটাচ্ছেন তাঁরা সিপিএমের কেউ নন।
ফরওয়ার্ড ব্লকের তরফে দাবি, আমরা চাইব এই ঘটনা যাতে বন্ধ হয়। ওরা নির্দল প্রার্থীকে সিপিএম প্রার্থী বলে প্রচার চালাচ্ছে। সেটা বন্ধ করুক, তাহলেই মঙ্গল। তা না হলে অযথা সুযোগ নেবে তৃণমূল বা বিজেপি। সিপিএমের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে, প্রার্থী পছন্দ না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিপিএম নেতা পার্থ ঘোষ বলেন, সারা বছর আমরা সিপিএমের তরফে সংগঠনটা করি। সারা বছর সাধারণ মানুষ আমাদের পাশে পায়। কিন্তু ভোট এলে দেখা যায় এই বুথে ফরওয়ার্ড ব্লকের তরফে সিংহ চিহ্নে প্রার্থী দেওয়া হয়েছে। যেহেতু বামফ্রন্ট সংগঠিত। তাই ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলে সিপিএম প্রার্থী দিতে পারে না। তাই সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী দেওয়া হয়েছে।
তৃণমূলের তরফে পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সহসভাপতি সঞ্জয় ঘোষের পাল্টা কটাক্ষ, বামফ্রন্টের শরিকি বিবাদ মানে স্বামী-স্ত্রীর ঝামেলা। ওদের দুই শরিক দলের মধ্যে একটা জোট ছিল, এখন আর নেই। তবে এখন পাণ্ডুয়ায় ফরওয়ার্ড ব্লক বা সিপিএম বলে কিছুই নেই।












Click it and Unblock the Notifications