Panchayat Election 2023: বিডিওদের পিঠে লাঠির ছাপ দিন, ভোট প্রচারে বিস্ফোরক সুকান্ত
বিজেপির এক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঝাঁটা মারার নিদান দিচ্ছেন, এক বিধায়ক পুলিশকে নিশানা করছেন। আর সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করলেন বিডিওদের। হাওড়ার শ্যামপুরে প্রকাশ্য সভা থেকে সুকান্ত মজুমদারের পরামর্শ বিডিওদের পিঠে লাঠির ছাপ দিন।
ভোট এলে বিভিন্ন প্রতীকে ছাপ দেন ভোটদাতারা। তার পাশাপাশি সুকান্ত মজুমদারের পরামর্শ, "বিডিও-দের পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন। আমি বাঁচাব তারপরে।" হাওড়ার শ্যামপুরে বিজেপির রোড শোয়ে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের সাফ কথা, কেউ ভয় পাবেন না, বিডিওদের পিঠে লাঠির ছাপ দিন। পঞ্চায়েত ভোটের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় এমনই হুমকি শোনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি সুকান্ত মজুমদারও কি দিলীপ ঘোষের রাস্তায় হাঁটছেন।
শনিবার শ্যামপুরের হোগলাসি থেকে দেউলি পর্যন্ত বিজেপি প্রার্থীদের সমর্থনে এক রোড শো করেন তিনি। সেখানে কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি এদিন তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূল কংগ্রেসের সমালোচনাও করেন। মুখ খোলেন সায়নী ঘোষ ইস্যুতেও।

সুকান্ত বলেন, সায়নী ঘোষ হিন্দু ধর্মের ঈশ্বর নিয়ে খেলা করছিলেন। ইডি কাল ১১ ঘণ্টা ধরে ছাল ছাড়িয়েছে। যখন ঢুকেছিল মেক আপ করে লিপস্টিক লাগিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে। তারপর ১১ ঘণ্টা জেরা শেষ দেখেছেন কী হাল হয়েছে!
সুকান্ত বলেন, ইতিমধ্যে ১১ জন মানুষের মৃত্যু হয়ে গেছে। পঞ্চায়েত ভোটের আগে শাসক তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চেয়েছিল। শাসকের সন্ত্রাসে আজ বহু প্রার্থী ত্রস্ত। আমাদের প্রার্থীরা বহু জায়গায় মার খাচ্ছে। তবু কেউ ময়দান থেকে পিছু হটছে না। বুক চিতিয়ে সবাই লড়াই করছে।

তিনি বলেন, সন্ত্রাসের পরিবেশ তৈরি করায় বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে। এবার নির্বাচনে এক চুলও জমি ছাড়লে হবে না। পুলিশ বেছে বেছে বিরোধী নেতা-কর্মীদেরকে ভয় দেখাচ্ছে, ভয় পেলে চলবে না। আসলে ভয় পেয়েছে তৃণমূল। হারের ভয়ে ওরা ভীত।
তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে বুথে বুথে দিতে হবে। তা নিয়ে আমরা হাইকোর্টে যাব। আদালতে জানাব, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে। বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হয় তবে কী করে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। বাহিনী তো আর ঘুরে বাংলায় ঘোরার জন্য আসেনি।












Click it and Unblock the Notifications