পদ্ম নয়, হাওড়ার সভায় বিজেপিকে চোখে সর্ষে ফুল দেখানোর বার্তা দিলেন অভিষেক
হাওড়া জেলার সভা থেকেও বিজেপিকে রাজ্য থেকে হটানোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল গরম উপেক্ষা করেও দুপুর থেকে মানুষজন উপস্থিত হয়েছিলেন। সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাওড়ার আমতায় বাকসি মাঠে লোকসভার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপি যাতে কোনওভাবেই মাথা তুলতে না পারে। পদ্মফুল না দেখুক, বিজেপি নেতারা সর্ষে ফুল দেখুক। সাধারণ মানুষের কাছে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যে ফের কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠে এসেছে। উদয় নারায়ণপুর, আমতার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলেও পড়ে। এদিনের বক্তব্যে সেই বন্যার কথাও তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, হাওড়ার আমতা, উদয় নারায়ণপুরে বন্যা হয়। সেই সমস্যা দূর করতে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সেভাবে সাড়া মেলেনি কেন্দ্রের কাছ থেকে। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে বহু বার আবেদন করা হয়েছে। কোনও ফল পাওয়া যায়নি। সেই সমস্যাও আগামী দিনে দূর করবে রাজ্য সরকার।
একশো দিনের কাজের টাকা প্রসঙ্গেও সরব হয়েছেন অভিষেক। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, পূরণ হয়নি। একশো দিনের টাকা বাকি রেখেছে। রাজ্য সরকার তা দিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও বন্ধ করে রেখেছে কেন্দ্র। বাড়ি তৈরির কাজ আটকে আছে রাজ্যে। এক্ষেত্রেও রাজ্য সরকার বঞ্চিত বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, "এখানে নবজোয়ার কর্মসূচির সময়ে এসে জানতে পারি লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকায় সংসার চলছে না। সেই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িয়ে তা এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।" অভিষেক দাবি করেন, " এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী কোনও মন্ত্রী নন। গণতন্ত্রে সবচেয়ে বেশি শক্তিশালী জনগন।"
এরপর হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন তিনি৷ সোমবার বিকেলে দাসনগর থানার মোড় থেকে বালিটিকুরি মুক্তারাম দে হাইস্কুল পর্যন্ত রোড শো করেন অভিষেক।
প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষকে সঙ্গে নিয়ে হুড খোলা ট্যাবলোতে রোড শো করেন অভিষেক। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ভিড় উপচে পড়েছিল এদিন বিকেলে।












Click it and Unblock the Notifications