কাজ নেই, কষ্টে দিন চলছে, হুগলিতে সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষকে বলল সাধারণ মানুষ
হুগলির সিপিএম প্রার্থীকে একাধিক অভিযোগের কথা বললেন সাধারণ মানুষ। হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির থেকে নির্বাচনে লড়াই করছেন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ।
সোমবার সকালে পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্যান পঞ্চায়েতের প্রতিটি বুথে প্রার্থী পরিচিতি করেন। গত পঞ্চায়েত নির্বাচনে ইটাচুনা পঞ্চায়েত দখল করে সিপিআইএম।ইটাচুনা খন্যান পঞ্চায়েতের গুড়জলা থেকে মিছিল শুরু হয়। বড় সরষা, মান্দারণ, মুলটি গ্রামে প্রার্থী যান।

কখনও টোটো চেপে প্রার্থী ঘোরেন এলাকায়। আবার কখনও পায়ে হেঁটে ঘোরেন। খন্যানের সব বুথে প্রচার সারেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। মানুষের একাধিক অভিযোগের কথা শোনেন তিনি।
মনোদীপ ঘোষ বলেন, গ্রামের মানুষ তাদের সমস্যার কথা জানাচ্ছেন। মূল সমস্যা হল গ্রামে কাজ নেই। একশো দিনের কাজ নেই। মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আবাসের ঘর নেই। চাষের কাজও এই সময় নেই। ফলে সাধারণ মানুষ প্রবল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।
খন্যান এলাকায় প্রচার চলাকালীন সিপিআইএম প্রার্থী কথা বলেন মুলটি গ্রামের আদিবাসী পরিবারগুলির সঙ্গে। ময়না হাঁসদা নামে এক আদিবাসী মহিলা বলেন, বার্ধক্য ভাতার হাজার টাকা পাওয়া যায়। কিন্তু একশো দিনের কাজ নেই। বয়স হয়ে যাওয়ার জন্য জমিতে এখন আর কাজে নেয় না।মেশিনে ধান কাটা হয়। তাই কাজও কমেছে মাঠে। খুব কষ্টের সঙ্গেই দিন কাটছে তাদের।
বৈশাখ মাস পড়তেই প্রবল গরম দেখা যাচ্ছে। চার দিকে রোদের গনগনে তেজ। তার মধ্যেই গোটা দিন প্রচার ও জন সংযোগের জন্য ঘুরলেন সিপিএম প্রার্থী৷ গরমে কাহিল হয়ে গিয়েছিলেন সিপিএম প্রার্থী। আদিবাসী পরিবারের সদস্যদের থেকেই জল চেয়ে পান করেন মনোদীপ ঘোষ।












Click it and Unblock the Notifications