নরেন্দ্রপুর স্কুলের ঘটনায় এখনও কেন গ্রেফতার হননি প্রধান শিক্ষক? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের
নরেন্দ্রপুর স্কুলের ঘটনায় কেন প্রধান শিক্ষককে গ্রেফতার করা গেল না? রাজ্যের কাছে প্রশ্ন করলেন বিচারপতি। ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
নরেন্দ্রপুর স্কুলের স্টাফ রুমের ভিতর কার্যত তাণ্ডব চলেছিল। তাণ্ডব চালিয়েছিল বহিরাগতরা। নাম জড়িয়ে গিয়েছিল স্থানীয় তৃণমূল নেতাদেরও। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। হাইকোর্ট নির্ধারিত সময় বেঁধে দেওয়ার পরেও অভিযুক্তদের প্রথমে গ্রেফতার করতে পারেনি। এমনই অভিযোগ সামনে এসেছিল৷

সোমবার ফের এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, কেন এখনও প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি? এদিন হাইকোর্টে রাজ্যের তরফে জানানো হয়, নরেন্দ্রপুরের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে। শুধু তাই নয়, এফআইআরে নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য।
কিন্তু সেই বক্তব্যে তেমন খুশি হননি বিচারপতি। তাঁর প্রশ্ন, প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? অভিযুক্ত প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন করেছেন। রাজ্যের তরফে এই কথাই জানানো হয়। তখন পালটা প্রশ্ন করেন বিচারপতি। বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায় না? এর কোনও যথাযথ উত্তর রাজ্যের তরফে দেওয়া যায়নি।
৩০ জানুয়ারি ওই অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। পর্ষদের তরফ থেকে সেই কথাই জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার শুরুর আগেই সব অভিযুক্তকে গ্রেফতার করার কথা ছিল। কিন্তু সকলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নরেন্দ্রপুরের ওই স্কুলে এবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। স্কুলে যাতে নতুন করে কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজরদারি প্রশাসনের। স্কুলে পরীক্ষার সময় বেশি সংখ্যায় পুলিশের নিরাপত্তাও রাখা হয়েছে। আগেই প্রধান শিক্ষকের ঘরের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
এদিন বিচারপতির মন্তব্য, আশা করি পুলিশ প্রধান শিক্ষক সহ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।মাধ্যমিকের পর এই মামলার ফের শুনানি হবে।












Click it and Unblock the Notifications