মায়ের মৃতদেহ মেঝেতে, ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছে মেয়ে, হাড়হিম করা ঘটনা হাওড়ার
হাওড়ায় এবার কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া। মায়ের মৃতদেহ বাড়িতেই পড়ে রয়েছে। পচন ধরেছে সেই দেহে। এদিকে একমাত্র মেয়ে নির্বিকার। অন্য ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছিলেন মৃতার কন্যা। হাড়হিম করা ঘটনা কলকাতার পাশেই৷
মায়ের মৃতদেহ চার দিন ধরে ওই বাড়িতে পড়ে রয়েছে। বারান্দার কোনায় ওই মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। এলাকায় পচা গন্ধও ছড়িয়েছে বুধবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত তাঁতীপাড়া লেনে।

মৃতার নাম মিনতি মুখোপাধ্যায় (৭০)। মেয়ে কাকলিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী। মিনতি মুখোপাধ্যায়ের স্বামী দিলীপ অনেক বছর হল মারা গিয়েছেন৷ নিজেদের এক তলা বাড়িতেই থাকতেন মা ও মেয়ে। দুজনেই মানসিক সমস্যায় ভুগতেন। দুজনের কেউই খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না বলে খবর।
ওই বাড়িতে দেখাশোনার জন্য একজন মহিলা রবিবার গিয়েছিলেন। তারপর আর তিনি ওই বাড়িতে যাননি। এই ক'দিনের মধ্যে ওই বাড়ি থেকে কোনও সাড়াশব্দও আসেনি৷ আজ বুধবার সকালে ফের ওই বাড়িতে লোকজন যায়। বাড়ির ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল।
স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে বাড়ির দরজা ভাঙা হয়৷ দেখা যায় বারান্দার কোনার অংশে মিনতি দেবীর মৃতদেহ পড়ে আছে। শরীরে পচন ধরেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে সেখান থেকেই। কিন্তু মেয়ে কোথায়? তার সাড়া পাওয়া যাচ্ছে না কেন? তাহলে মেয়েও কি?
ঘরের ভিতরে ঢুকে পুলিশও হতবাক। কারণ, মেয়ে কাকলি পাশের ঘরে দিব্য এসি চালিয়ে ঘুমাচ্ছিল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মানসিক ভারসাম্যহীন মেয়েকে উদ্ধার করা হয়। পাঠানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।












Click it and Unblock the Notifications