পুলিশ হেফাজতেই অনশন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যের! অবনতি হল শারীরিক অবস্থার
পুলিশি হেফাজতেই গত তিন দিন ধরে 'অনশনে' রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তড়িঘড়ি হাওড়া থানা থেকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সূত্রের খবর, তিনি জল স্পর্শ না করায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে হাওড়া জেলা হাসপাতাল থেকে এসএসকেএম অথবা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা করে পুলিশ।

প্রতীকী ছবি
গত মঙ্গলবার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে সামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাঁরা হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড হয়ে নবান্নর দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এরপর ওই প্রতিনিধি দলের সদস্যরা হাওড়া ময়দানে এলে সেখানেও পুলিশের সঙ্গে গন্ডগোল বেঁধে যায়। পুলিশ লাঠিচার্জ করলে আহত হন কাঁকসা বিডিও অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেই থেকে গুরুতর অসুস্থ সংগ্রামী যৌথ মঞ্চের ওই সদস্য। তবে এতেও মেলেনি রেহাই। মঙ্গলবার পুলিশকে মারধরের অভিযোগে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ।বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় কোর্ট।
বৃহস্পতিবার ফের শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আদালতে তোলা হলে বিচারক ফের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর থেকে হাওড়া থানায় পুলিশ হেফাজতেই ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় হঠাতই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, হাসপাতালে গিয়েও নাকি তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জানান, 'ওনাকে কলকাতার এসএসকেএম অথবা কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি চেষ্টা করছে পুলিশ। বেড পেলেই শুক্রবার রাতের মধ্যেই তাঁকে হাওড়া হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হতে পারে'।












Click it and Unblock the Notifications