হাওড়ার রামনবমীর মিছিলে পিস্তল হাতে যুবক গ্রেফতার, মুঙ্গের থেকে বাহিনী নিয়ে আসার অভিযোগ কুণালের
হাওড়ায় রামনবমীতে পিস্তল হাতে মিছিল করা যুবককে গ্রেফতার করল পুলিশ। বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের নাম সুমিত সাউ।এই গ্রেফতারির পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, মুঙ্গের থেকে বাহিনী নিয়ে এসে হাওড়ায় অশান্তি ছড়ানোর চক্রান্ত করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় অস্ত্র নিয়ে মিছিলের ছবি টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুঙ্গের থেকে গ্রেফতার যুবক
রামনবমীর দিন হাওড়ার শিবপুরে পিস্তল হাতে মিছিল করতে দেখা গিয়েছিল। সেই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুমিত সাউ। হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুক হাতে দেখা গিয়েছিল তাঁতে। প্রথমে তাঁর খোঁজ পায়নি পুলিশ। তারপরে মোবাইল টাওয়ার লোকেট করে বিহারের মুঙ্গেরে হদিশ পায় পুলিশ। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।

মুঙ্গের থেকে বাহিনী এনে অশান্তির অভিযোগ
মুঙ্গের থেকে সুমিত সাউ নামে ওই যুবককে গ্রেফতার করার পরেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, বিজেপির মুখোশ খুলে গিয়েছে। মুঙ্গের থেকে বাহিনী নিয়ে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির রামনবমীর মিছিল থেকেই প্রথমে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এখন শান্তি বজায় থাকলেও নতুন করে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে রিষড়ায়।

অভিষেকের টুইটে ছবি প্রকাশ
শিবপুরে রামনবমীর মিছিলেন নেপথ্যে যে বিজেপি রয়েছে তার প্রমাণ দিতে এই অস্ত্র হাতে রামনবমীর মিছিলের ছবি টুইট করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম টুইট করে ছবিটি প্রকাশ করেন। তার পাল্টা জবাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন তাহলে কেন সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হল না। তীব্র আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে অশান্তি ছড়াচ্ছে বলে পাল্টা দাবি করে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

রিষড়ায় অশান্তি
হাওড়ার শিবপুরের ঘটনার পরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হুগলির শিবপুরেও অশান্তি ছড়িয়েছে। সেখানেও গত পরশু থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ট্রেন লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অশান্তির কারণে হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেন চলাচল ব্যহত হয়েছে।












Click it and Unblock the Notifications