Arambagh: মিতালি বাগকে প্রার্থী করেই আরামবাগে বাজিমাত তৃণমূলের! কোথায় বেশি লিড? জয়ের ফ্যাক্টর কী?
Arambagh: আরামবাগ লোকসভা কেন্দ্রটিতেই এবার জয় নির্ধারিত হয়েছে সবচেয়ে কম ব্যবধানে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ জিতেছেন ৬,৩৯৯ ভোটে।
২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে জয়ী হন তৃণমূলের অপরূপা পোদ্দার। তাঁকে এবার দল প্রার্থী করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চেও জায়গা হয়নি অপরূপার। সেই আসন থেকে জিতলেন মিতালি।

বছর ৪৭-এর মিতালি গোঘাটের বাসিন্দা। পেশায় আইসিডিএস কর্মী, জেলা পরিষদের সদস্য। ২০০১ সালে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অপরূপার বিরুদ্ধে দলীয় স্তরে নানাবিধ অভিযোগ ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অপরূপা ১,১৪২ ভোটে জিতেছিলেন। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আরামবাগে ভালো ফল করে বিজেপি।
এই লোকসভা কেন্দ্রের পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুলে বিজেপির বিধায়ক রয়েছেন। হরিপাল, তারকেশ্বর ও চন্দ্রকোণায় রয়েছেন তৃণমূলের বিধায়ক। ক্লিন ইমেজের মিতালি এবার সামান্য হলেও লিড পেয়েছেন বিজেপির হাতে থাকা আরামবাগ বিধানসভা এলাকা থেকেও।
গত বিধানসভা নির্বাচনে আরামবাগে বিজেপি জিতেছিল ৭,১৭২ ভোটের ব্যবধানে। সেখানে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছে ৯৮,৮৪৭ ভোট, বিজেপি ৯৮,৩০১ ভোট। গোঘাট বিধানসভায় ২০২১ সালে বিজেপির লিড ছিল ৪,১৪৭। সেটা এবার বেড়ে হয়েছে ৫,৮৮৬।
পুরশুড়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিমান ঘোষ জিতেছিলেন ২৮,১৭৮ ভোটে। সেই ব্যবধান এবারের লোকসভা নির্বাচনে কমে হয়েছে ২২,৮৯২। খানাকুলে বিজেপির সুশান্ত ঘোষ বিধায়ক হন ১২,৮৮৪ ভোটে জিতেছে। এবারের লোকসভা ভোটে এই বিধানসভা ক্ষেত্রে মার্জিন বেড়ে হয়েছে ১৭,১২২।
তৃণমূল বিধানসভা নির্বাচনে হরিপালে ২৩ হাজার ৭২, তারকেশ্বরে ৭ হাজার ৪৮৪ ও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় ১১,২৮১ ভোটে জিতেছিল। মিতালি হরিপালে ৩২ হাজার ৪৫৯ ও তারকেশ্বরে ১১ হাজার ১৬৮ ভোটে এগিয়ে থাকেন। চন্দ্রকোণায় জয়ের মার্জিন ৮ হাজার ৩৫। বিজেপি আরামবাগে সংগঠন মজবুত করেও লোকসভা আসনটি জিততে পারল না গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই। বিজেপির অন্দরেই তাই অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছে।












Click it and Unblock the Notifications