Lok Sabha Election 2024: ভোটের সঙ্গে ভোজন! তৃণমূলের ক্যাম্প থেকে মিলছে চপ, ছোলা ও মুড়ি
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই আসনটি এবার তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি।
এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনল বিজেপি। কেন না, বুথের কাছেই ক্যাম্পে দেদার বিতরণ চলছে চপ, ছোলা ও মুড়ির প্যাকেট।

ঘটনা চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত পিয়ারডাঙ্গা ১২০ নম্বর বুথে। যেখানে দেখা গিয়েছে ত্রিপল পেতে ভোটার লিস্ট নিয়ে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কে ভোট দিলেন, কে ভোট দিতে এলেন না, তা মেলানোর সঙ্গেই চলছে মুড়ি, ছোলা, চপ বিলি।
সেখানে বসে অনেককে খেতেও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়। আবার মহিলা-সহ যাঁরা কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের কাছে তৃণমূলের কর্মীরা গিয়ে পৌঁছে দিয়ে আসছেন খাবারের প্যাকেট। এভাবেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপির।
এই বিষয়টি নতুন নয়। চলতি লোকসভা নির্বাচনেই দেখা গিয়েছে মাংস-ভাত, কিংবা মুড়ি-ঘুগনি খাওয়ানো। অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকলেও এই গরমে ভোটারদের জন্য গুড় বাতাসা, জল বিলির নমুনাও দেখা গিয়েছে। মুড়ি, ছোলা, চপ বিলিও হয়েছে আগেই।
গ্রামের দিকেই এমন বিষয় বেশি দেখা যায়। কারা ভোট দিতে যাওয়ার পথে বা ভোট দিয়ে ফেরার পথে ক্যাম্পে এলেন তা দেখে ওই বুথে সংশ্লিষ্ট দল কেমন ফল করবে তা আঁচ করার চেষ্টা চলেছে। কোনও বুথের কাছে দোকান থেকে কুপনের বিনিময়েও খাবার বিলির ঘটনা এবার দেখা গিয়েছে। আর আরামবাগের ওই বুথ থেকেই চলছে খাবারের প্যাকেট বলি। তৃণমূল কংগ্রেস কর্মীদের অবশ্য দাবি, তাঁদের সমর্থকদের পাশাপাশি বিজেপি, সিপিআইএমের সমর্থকরাও নিয়ে গিয়েছেন মুড়ি, ছোলা, চপের প্যাকেট।












Click it and Unblock the Notifications