গঙ্গায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হল না আসামীর! ফিরতে হল পুলিশের কাছেই
বালি থানার পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল এক 'চোর'। থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সে। অবশ্য তার পিছন পিছন তাড়া করে পুলিশও। কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যান পুলিশকর্মীরা। সাঁতারে পটু সেই আসামী ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে।
তবে জোয়ারের টানে বিপত্তিও উপস্থিত হয়। পুলিশকর্মীরা দেখতে পান ওই আসামী ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যাচ্ছে। এই ঘটনায় কিছুটা কিংকর্তব্যবিমূঢ় পুলিশ এবং সাধারণ মানুষ গঙ্গার ঘাট থেকে চোর চোর চিৎকার করতে থাকেন।

বালি ব্রিজের কাছাকাছি থাকা একটি নৌকার মাঝিদের বিষয়টি নজরে আসে। এদিকে এক ব্যক্তি 'চোর'কে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মারেন। দীর্ঘ সাঁতারের ক্লান্ত 'চোর' ততক্ষণে বাঁচার জন্য আকড়ে ধরে নৌকা। অতঃপর তাকে নৌকায় তুলে বালির নিমতলা ঘাটে নিয়ে আসে সেই নৌকা।

পুলিশ কর্মীরা তাকে আবার বালি থানায় নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এ ব্যাপারে পুলিশ কিছু বলতে না চাইলেও কী করে থানা থেকে আসামী পালিয়ে যায় সে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কেউ কেউ আসামীর গঙ্গায় ঝাঁপ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনভাবে পালানোর চেষ্টা যে ফিরতে হল কিছুক্ষণের মধ্যেই!












Click it and Unblock the Notifications