জন সংযোগে এবার খুন্তি ধরলেন, কাঠের আগুনে রান্না করলেন লকেট
কড়াইয়ে তেলের ছ্যাঁকছ্যাঁক শব্দ। খুন্তি নাড়ছেন লকেট চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে জন সংযোগ এখন অন্যতম হাতিয়ার। সেই লক্ষ্যেই লকেট চট্টোপাধ্যায় নেমে পড়েছেন। এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে রান্নায় হাত লাগালেন হুগলির বিজেপি সাংসদ।
হুগলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়। 'দিদি নম্বর ওয়ান' অনুষ্ঠানে সঞ্চালনা করার কারণে রচনার জনপ্রিয়তা যথেষ্ট বেশি। তিন দিনের প্রচারে রচনাও জন সংযোগে জোর দিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গ্রামের সাধারণ মহিলারা রাস্তায় নেমে এসেছেন।

লকেট চট্টোপাধ্যায় রাজনৈতিক কর্মকাণ্ডে অনেকটাই এগিয়ে। কিন্তু মানুষের মধ্যে তো পৌঁছতে হবে। মহিলাদের কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তা যথেষ্ট বেশি। সে কারণেই এবার হাতা, খুন্তি, কড়াই ধরলেন লকেট চট্টোপাধ্যায়। হাঁটু মুড়ে বসে রান্নাও করলেন সকলের সঙ্গে।
আজ মঙ্গলবার পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান লকেট। সেখানে গ্রামের মানুষের সঙ্গে জন সংযোগ করেন। রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী।
চৈত্র মাসের এই সময় থেকে রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্নাপুজো উৎসব। বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই রান্নাপুজো উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষের। রীতি অনুযায়ী গ্রামের মানুষ ওলাবিবিতলার পাশের বাগানে রান্না করেন। সেখানেই খাওয়া দাওয়া করেন।
ওলা বিবিতলা থেকে প্রার্থনা করে বেরিয়ে সেখানেই পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। মহিলাদের সঙ্গে রান্নার বিষয় নিয়ে কথা বলেন। তারপরই রান্নায় হাত লাগান লকেট। হাঁটু মুড়ে বসে শুরু করেন রান্না। খোলা জায়গায় মাটির উনুন তৈরি হয়েছে। কাঠের জ্বালে সেই রান্না হয়।
সেই মাটির উনুনের উপরে কড়াই রয়েছে। লকেটও রান্না করতে শুরু করেন। বেশ কিছুটা সময় সেখানে কাটান বিজেপি প্রার্থী। সেখানে লকেটকে দেখতে ভিড় জমে যায়। ছেলে মেয়েদের আবদারে তাদের সঙ্গে সেলফি তোলেন বিজেপির তারকা প্রার্থী।












Click it and Unblock the Notifications