থরে থরে সাজানো টাকার বান্ডিল, হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই চোখ কপালে রেল পুলিশের
ফের উদ্ধার টাকা। লক্ষ লক্ষ টাকা দেখে হকচকিয়ে উঠল পুলিশও। এত টাকা কোথা থেকে এল? না কী নিয়ে যাওয়া হচ্ছিল? এই টাকার উৎসই বা কী? পুজোর মুখে বিশাল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়া স্টেশনে।
মঙ্গলবার হাওড়া স্টেশনে উদ্ধার হয়েছে এই মোটা অঙ্কের টাকা। টাকা অঙ্ক শুনলে আপনিও তাজ্জব হয়ে যাবেন। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে এই টাকা বাজেয়াপ্ত হয়েছে। ঘটনায় পাকড়াও করা হয়েছে দুই জনকে। প্রায় ৩২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে হাওড়া স্টেশন থেকে।

জানা গিয়েছে, হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস এসে থামে। যাত্রীরা নেমে চলে গেলেও দুজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের সঙ্গে একটি বড় ব্যাগও ছিল। ফলে রেল পুলিশদের সন্দেহ বাড়ে।
দুই ব্যক্তিকে ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, দুজনের নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা ও সুরেশ প্রসাদ। তারা জামালপুর ও লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা। ৬০ পেরিয়ে যাওয়া দুই ব্যক্তির সঙ্গে থাকা ওই ব্যাগটি খোলে রেল পুলিশ। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের। কারি কারি টাকা ব্যাগের ভিতর।
নিজেদের অফিসে ওই দুই ব্যক্তি ও টাকাভর্তি ব্যাগ নিয়ে আসে পুলিশ কর্মীরা। টাকার বান্ডিলগুলি ব্যাগ থেকে বার করা হয়। শুরু হয়ে যায় নোট গোনা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা ওই ব্যাগে ছিল। কেন ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? কার টাকা? কী কারণে এত মোটা অঙ্কের টাকা তাদের কাছে রয়েছে? একাধিক প্রশ্ন তাদের করা হয়।
কোনও কথারই উত্তর তারা দিতে পারেনি। যে সব কথা তারা বলেছেন, তারও কোনও ভিত্তি নেই বলেই মনে করেছে রেলপুলিশ। এরপর দুজনকেই হেফাজতে নেয় হাওড়ার রেল পুলিশ। ওই ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই বিপুল পরিমাণ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
বেশ কয়েক মাস আগেও হাওড়া স্টেশন মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। বেশ কয়েকবার কয়েক লক্ষ টাকা করে উদ্ধার হয়েছিল। পুজোর সপ্তাহেই ফের মোটা অঙ্কের টাকা উদ্ধার হল।












Click it and Unblock the Notifications