চুলের ছাঁটে তৃণমূল, বিজেপির প্রতীক, ব্যস্ততা তুঙ্গে হাওড়ার রবীন দাসের
ফুটবল বিশ্বকাপের সময় বাহারি চুলের ছাঁট প্রায় প্রতি বার দেখতে পাওয়া যায়। প্রিয় তারকা ফুটবলারদের চুলের ছাঁট অবিকল নকল করেন ছেলে ছোকরারা। কিন্তু এবার ভোটেও সেই ছবি? ভোট রাজনীতির উত্তেজনা কি তাহলে মাথার চুলের উপর পড়ল?
তৃণমূল না কী বিজেপি? রাজ্যে কে এবার বেশি আসন পাবে? বামেরা কি খাতা খুলতে পারবে এবারের লোকসভা ভোটে? কংগ্রেস কি নিজেদের আসন ধরে রাখতে পারবে? সেই প্রশ্ন প্রতিদিন উঠছে। কাটাছেঁড়া চলছে বিভিন্ন মাধ্যমে।

ভোট-বঙ্গে রাজনীতির রং হেয়ার স্টাইলেও। মধ্য হাওড়ায় রবীন দাসের পার্লারে এখন চুলের ছাঁটে দলীয় প্রতীক আঁকানোর ভিড়। ভোটের আগে চুলের ছাঁটে দলের প্রতীক ফুটিয়ে তুলতে যুব তৃণমূল, বিজেপি কর্মীরা ছুটে আসছেন।
চার দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে বাংলায়। এখনও তিন দফার ভোট বাকি। এবার হাওড়ায় ভোটের পারদ চড়ছে। আগামী পর্যায়ের হাওড়ায় ভোট রয়েছে। পাড়ার সেলুনে সেই ভোটের আঁচ যেন গিয়ে পড়ল।
চুলের ছাঁটে এবার রাজনৈতিক প্রতীক? হ্যাঁ, ঠিকই পড়েছেন। সত্যি চুলের ছাঁটে কেউ তৈরি করছেন তৃণমূল কংগ্রেসের প্রতীক! আবার কেউ চুলের ছাঁট দিয়েছেন বিজেপির পদ্ম ফুলের আদলে। আগামী ২০ তারিখ হাওড়ায় দুই কেন্দ্রে লোকসভা নির্বাচন। হাওড়া ও উলুবেড়িয়া, দুই কেন্দ্রে প্রচার এখন তুঙ্গে। আর দিন কয়েক পরেই প্রচার শেষ হয়ে যাবে।
শেষ সময় দেখা গেল, এবার বাহারি চুলের কাটিং। শহরাঞ্চলে দেওয়াল লিখন এখন অনেক কমে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচার তো রয়েছেই। তার সঙ্গে ফ্লেক্স, ব্যানার, বাড়ি বাড়ি প্রচার সবই করছেন রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতা - কর্মীরা। এবার চুলের ছাঁটে দেখা গেল রাজনৈতিক দলের প্রতীক।
নাওয়া খাওয়ার সময় কমে আসছে রবীন দাসের। ভিড় কমছেই না যেন। মধ্য হাওড়ার পার্লারের কর্ণধার রবীন দাস জানান, ভোটের প্রচারের জন্য চুলের ছাঁটে দলের প্রতীক আঁকার চল রয়েছে।
এর পাশাপাশি মুখ, হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে। ট্যাটুর মাধ্যমে দলের প্রতীক ফুটিয়ে তুলতেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উৎসাহ রয়েছে। সেই ছবি অনেকে সমাজ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন। তাতেই পার্লারে ভিড় হচ্ছে। আগে বিশ্বকাপের সময়েও চুলের ছাঁটে ফুটবল ও ক্রিকেট তারকাদের ছবি করা হয়েছে। এবার ভোটের বাজারেও উৎসাহ তুঙ্গে।












Click it and Unblock the Notifications