Vande Bharat express: শনিবার ঠিক সময়ে হাওড়া থেকে বন্দে ভারত ছাড়বে তো? কী বলছে রেল
Howrah New Jalpaiguri Vande Bharat express: যান্ত্রিক ত্রুটিতে থমকালো বন্দে ভারত এক্সপ্রেস! যার পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়ল স্পেশাল অন্য একটি ট্রেন। কিন্তু হঠাৎ করে বন্দে ভারত বাতিলে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, স্টেশনের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।
এমনকি বিক্ষোভের মধ্যে পড়তে হয় খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। যা নিয়ে একেবারে অস্বস্তিতে পড়ে যান রেল আধিকারিকরা। সকাল সাতটায় হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat express) ছাড়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

এর ফলে শুক্রবার হাওড়া থেকে নির্দিষ্ট সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল না আপ বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat express) । আর এর প্রতিবাদে বেশ কিছু যাত্রী এদিন ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ বন্দে ভারত এক্সপ্রেসে তারা টিকিট কেটে ছিলেন। বিশেষ করে ট্রেনের গতি এবং সুযোগ সুবিধার জন্যেই বেশী দাম দিয়ে হলেও টিকিট কাটা হয়েছিল। কিন্তু ওই ট্রেন না চলায় তারা অসুবিধায় পড়েছেন বলেই দাবি যাত্রীদের।
তবে সেমি বুলেটের পরিবর্তে যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তাতে আসন অথবা পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ বলেও অভিযোগ যাত্রীদের। তবে এই ঘটনা সামনে আসার পরেই আতঙ্কিত অন্যান্য যাত্রীরা। বিশেষ করে আগামিতে ঠিক সময়ে ছাড়বে তো বন্দেভারত? সেই চিন্তাই শুরু হয়েছে।
তবে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, আজ শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সফরের আগে সবসময় পরীক্ষা করা হয়। আর তাতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এরপরেই বন্দে ভারতের যাত্রা স্থগিত করা হয় বলে জানান রেলের ওই আধিকারিক।
তাঁর কথায়, যাত্রীদের নিরাপত্তার কারণে আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছাড়েনি। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে আগে। তবে এদিন যে স্পেশাল ট্রেনটি ছেড়েছে সেটি বন্দে ভারত এক্সপ্রেসের রুটেই চালানো হবে। এমনকি গতিও বাড়ানোর পাশাপাশি ওই ট্রেনের খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন হাওড়া ডিভিশনের ডিআরএম।
তবে আগামীকাল শনিবার ঠিক সময় বন্দে ভারত ছাড়া যাবে? এই প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষা চলছে। আশা করা যাচ্ছে শনিবার ঠিক সময়েই বন্দে ভারত হাওড়া ছেড়ে যাবে। এদিন যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে হাওড়া স্টেশনে চার নম্বর প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়।












Click it and Unblock the Notifications