পয়লা নভেম্বর থেকে খুলছে হুগলির গোন্দলপাড়া জুটমিল
পয়লা নভেম্বর থেকে খুলছে হুগলির গোন্দলপাড়া জুটমিল
পুজোর পরেই আগামী পয়লা নভেম্বর থেকে খুলছে গোন্দলপাড়া জুটমিল। বুধবার চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন এলাকায় একটি সভায় হাজির হয়ে এমনই আশ্বাস দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এদিন সভায় উপস্থিত হয়ে লকেট বলেন, 'সবাই হাসছেন। অথচ শেষ দু বছর ধরে গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকরা কাঁদছেন। সাংসদ হওয়ার আগে থেকেই আমি শ্রমিকদের কান্না শুনেছি।
তিনি আরও বলেন, গোন্দলপাড়া জুটমিলের শ্রমিকরা অনেকেই আত্মহত্যা করেছেন। কিন্তু এই রাজ্য সরকার যেভাবে ষড়যন্ত্র করে এই মিলটাকে বন্ধ করে রেখেছিল, তার বিরুদ্ধে লড়াই করেছিলাম। মনের মধ্যে জেদ রেখেছিলাম। গোন্দলপাড়া জুটমিল পুজোর আগে খুলেই ছাড়ব এবং গোন্দলপাড়া জুটমিল খোলা হচ্ছে।
এরপরই লকেট বলেন, মা দুর্গা এই মহামারিতে এসেছেন। গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকদের জন্য অনেক বড় খবর নিয়ে। এই গোন্দলপাড়া জুটমিল পয়লা নভেম্বর থেকে খুলে যাচ্ছে। এদিন ওই সভায় লকেট চট্টোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা কর্মীরা।
ওই সভা মঞ্চ থেকে লকেট চট্টোপাধ্যায় চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনকে কটাক্ষ করে বলেন, একজন শিল্পী হিসেবে উনি শুধু গান গেয়ে বেড়ান। বেশ কয়েক বছর হয়ে গেল, গোন্দলপাড়া জুট মিল বন্ধ। কিন্তু তিনি কি করেছেন প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পাশে পাশে গান গেয়ে চলেছেন। গান গাইতে গাইতেই হুগলির মানুষ তাকে কলকাতার রাস্তা দেখিয়ে দেবেন। চন্দননগরের তিনি কোনও কাজই করেননি বলে লকেট অভিযোগ করেন।












Click it and Unblock the Notifications