হুগলিতে ইলেক্টোরাল বন্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ অভিষেকের
হুগলির সভামঞ্চ থেকে আরও আক্রমণাত্মক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেক্টোরাল বন্ড নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে দেশ ও রাজ্য রাজনীতিতে। বিজেপিকে এই ইস্যুতে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভারতে যারা গরুর মাংস কেটে বিদেশে রফতানি করে, সেই সব সংস্থাগুলির থেকে ইলেক্টোরাল বন্ডে সব থেকে বেশি চাঁদা নিয়েছে বিজেপি। শুক্রবার এই মারাত্মক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপি চাইলে, ক্ষমতা থাকলে, তাঁর বিরুদ্ধে মামলা করতে পারে। এমন কথাও বলেছেন তিনি।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিজভূষণ সিং, প্রজ্জ্বল রেভান্নাদের প্রসঙ্গ টেনে আনেন। বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তার হয়ে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামের নামে ভোট চেয়ে, রাবণদের সংসদে পাঠিয়ে, আপনাদের জীবন দুর্বিষহ করে তুলছেন। বিজেপি সম্পর্কে এমন কটাক্ষ করলেন অভিষেক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ২০ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে। এই বিষয়ে বক্তব্য রাখেন অভিষেক। ১২০০ টাকা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে এটাই পার্থক্য। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে মানুষ জিতিয়েছিলেন। সাধারণ মানুষের আবাসের টাকা, ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি। এবার লকেটকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে।
লকেট চট্টোপাধ্যায় ভোট চাইতে এলে সাধারণ মানুষকে প্রশ্ন করতে বলেছেন অভিষেক। লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করে দেবে? লকেট চট্টোপাধ্যায় কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক? লক্ষ্মীর ভান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধ হতে দেবেন না। তিনি বুক দিয়ে আগলে রাখবেন। সভা মঞ্চ থেকে বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications