মমতার দলে ভিড়ছেন আরও এক মমতা! সিপিএম ছেড়ে প্রাক্তন মেয়র চললেন তৃণমূলে
মমতার দলে ভিড়ছেন আরও এক মমতা! সিপিএম ছেড়ে প্রাক্তন মেয়র চললেন তৃণমূলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিতে চলেছেন আরও এক মমতা। সিপিএম ছেড়ে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে। এবার লাল ঝান্ডা ঝেড়ে তেরঙ্গা পাতাকা হাতে তুলে নেবেন তিনি। সামনেই হাওড়া পুরসভার ভোট, তার আগেই সিপিএমে ভাঙন ধরতে চলেছে।

বাম রাজনীতির পাট চুকিয়ে তৃণমূলে ভিড়ছেন মমতা
বাম জমানায় হাওড়া পুরসভায় দাপুটে মেয়র ছিলেন মমতা জয়সওয়াল। কিন্তু এখন তাঁর সেভাবে যোগাযোগ নেই সিপিএমের সঙ্গে। সিপিএম ২০১১-য় রাজ্যপাট চুকনোর পর থেকে সিপিএম প্রাসঙ্গিকতা হারাতে থাকে। ২০১৩ সালে মমতা জয়সওয়াল পুরভোটে হেরে যাওয়ার পর তিনিও নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন রাজনীতি থেকে। শেষমেশ বাম রাজনীতির পাট চুকিয়ে তিনি ফিরতে চলেছেন দক্ষিণপন্থী রাজনীতিতে।

পুরভোটের আগে মমতার যোগদানে সিপিএমে বড় ধাক্কা
তৃণমূল সূত্রে খবর, হাওড়ার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল বৃহস্পতিবারই যোগ দিতে পারেন তৃণমূলে। হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই মমতা জয়সওয়াল যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের জেলা নেতৃত্বের উপস্থিতিতে তিনি যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। হাওড়া পুরসভা ভোটের আগে তাঁর যোগদান সিপিএমের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পুর রাজনীতিতে বহু পুরনো মুখ মমতা তৃণমূলের পথে
দীর্ঘদিন তিনি সিপিএমের জেলা কমিটির সদস্য ছিলেন। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন হাওড়া পুরসভার মেয়র। তার আগে তিনি দুবার মেয়র পারিষদ ছিলেন। একবার ছিলেন বরো চেয়ারম্যান। অর্থাৎ পুর রাজনীতিতে তিনি বহু পুরনো মুখ। প্রায় ২০ বছর তিনি হাওড়া পুরসভার সঙ্গে জড়িয়ে ছিলেন। সিপিএম নেত্রী হিসেবে তিনি হাওড়া পুরসভায় বিভিন্ন দায়িত্ব সামলেছেন।

২০১৩ সালে পুরসভার হাত বদলের ভোটে হারেন মমতা
২০১৩ সালের পুর নির্বাচনে তিনি পরাজিত হন। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা পুরসভার সেবারই হাত বদল হয়। পুরসভার দখল নেয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হয়ে মেয়রের চেয়ারে বসেন ডা. রথীন চক্রবর্তী। পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর তিনিই ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক। তারপর মতবিরোধ হওয়ায় রথীন চক্রবর্তী তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের পথে
এক প্রাক্তন মেয়র তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর আর এক প্রাক্তন মেয়র সিপিএম ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন। তৃণমূলে যোগ দেওয়ার আগে মমতা জয়সওয়াল বলেন, গত পাঁচ বছরেরও বেশি সময় সিপিএম আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি। তাই সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছি।












Click it and Unblock the Notifications