Howrah: হাওড়ার আবাসনের ফ্ল্যাটে ইডির হানা, দুপুর থেকে চলছে তল্লাশি অভিযান
হাওড়ার একটি আবাসনে ফের ইডির গোয়েন্দাদের হানা। মঙ্গলবার বেলা ১২ টার পর ইডির তদন্তকারীরা আবাসনের একটি ফ্ল্যাটে হানা দেন। রাজ্যজুড়ে একাধিক তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক দুর্নীতির তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে৷
রাজ্যে কয়েক সপ্তাহ ধরে রেশন বণ্টন দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে জেরাও হচ্ছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও ইডির হাতে গ্রেফতার। তাঁকে জেরা করা হচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে হাওড়ায় হানা দিল ইডির তদন্তকারী দল।

হাওড়া থানা এলাকার রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিকুঞ্জ আবাসনের সি ব্লকে হানা ইডির তদন্তকারীদের। এই খবর লেখা পর্যন্ত সেখানেই তারা আছেন। তল্লাশি অভিযান চলছে। মনোজ কুমার মহন্ত নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। কোন তদন্তে হানা দিয়েছেন তারা, সেই সম্পর্কে দুই ধরনের তথ্য উঠে এসেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, মনোজ কুমার মহন্ত পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' বলে পরিচিত। মনোজ কুমার মহন্তর ফ্ল্যাটে মঙ্গলবার দুপুরে ইডি হানা দেয়। এদিন দুপুর সাড়ে ১২ টা নাগাদ ইডির সাতজনের একটি দল সেখানে হানা দেন।
চার মাস আগেও এখানে ইডি হানা দিয়েছিল। তবে ফ্ল্যাট বন্ধ থাকায় তারা চলে যান। এদিন পুনরায় হানা দেন ইডির আধিকারিকরা। সেইসময় তিনি ফ্ল্যাটেই ছিলেন। অনুব্রত'র আপ্ত সহায়ক মণীষ কোঠারির আত্মীয় এই মনোজ মহন্ত। সেই সূত্রে অনুব্রত মণ্ডলের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল বলে জানা গিয়েছে।
তাহলে কি গোরুপাচার মামলার তদন্তে হাওড়ার ওই ফ্ল্যাটে হানা দিল ইডি? এই প্রশ্ন উঠছে। অন্যদিকে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও ইডি ওই ফ্ল্যাটে হানা দিতে পারে। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের পরিচিত ওই ব্যক্তি৷ সুজয়কৃষ্ণ লিপস এন্ড বাউন্ডস সংস্থার সঙ্গে জড়িত৷ সেই ক্ষেত্রে কি তদন্তের জন্য এল ইডি? উঠছে সেই প্রশ্নও।












Click it and Unblock the Notifications