হাওড়ার ব্যাঁটরাতেও জ্যোতিপ্রিয়র পরিচিতের বাড়িতে ইডির হানা
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সকাল থেকেই তল্লাশি চলছে৷ কলকাতার সল্টলেক ও দমদমের পাশাপাশি এবার হাওড়াতেও হানা ইডির। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচিতদের বাড়িতেও হানা দিলেন ইডি আধিকারিকরা।
হাওড়ার ব্যাটরা থানার কদমতলার ভগবান চ্যাটার্জি লেনের একটি বাড়িতে হানা দিয়েছে ইডি। অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ছয় আধিকারিক ওই বাড়িতে যান বলে খবর। এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে ওই ঘটনায়।

স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক অভিজিৎ দাস। কিন্তু তার বাড়িতেই কেন হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রীর সঙ্গে পরিচয় ও সম্পর্ক রয়েছে অভিজিৎ দাসের৷ তিনি মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন বলেও জানা যাচ্ছে। সেজন্যই কি এই হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি চলছে। নটি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে৷ মন্ত্রী নিজে সল্টলেকের বাড়িতে আছেন। পরিবারের সদস্যরাও ওই বাড়িতেই আছেন। কাউকেই বাইরের কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল জমানায় ১০ বছর ধরে রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। একের পর এক তথ্য আসছে বাকিবুরের থেকে। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি বাকিবুরের যোগাযোগ আছে? সেই প্রশ্ন উঠছে।
সেই কারণেই কি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে ইডি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই খবর লেখা পর্যন্ত মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে৷ শুধু তাই নয়, মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দের দমদমের নাগেরবাজারের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। ম্যারাথন জেরায় কী কী তথ্য আসতে পারে? এই প্রশ্নও উঠছে।
সেই সূত্রেই কি হাওড়ার ব্যাঁটরায় তল্লাশি অভিযানে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সকালের পরেই ওই বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা৷ কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই ব্যাপারে জানা সম্ভব হয়নি। এই খবর লেখা পর্যন্ত সব জায়গাতেই ম্যারাথন তল্লাশি অভিযান ও জেরা চলছে বলে খবর।












Click it and Unblock the Notifications