আবদুল মান্নানের বাড়িতে হঠাৎ ঢুকে পড়লেন দিলীপ ঘোষ! রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা
আবদুল মান্নানের বাড়িতে হঠাৎ ঢুকে পড়লেন দিলীপ ঘোষ! রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা
কংগ্রেস নেতা আবদুল মান্নানের বাড়িতে হঠাৎ ঢুকে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ! রাজ্য রাজনীতিতে নয়া জল্পনার অবতারণা হল তারপরই। কেনই বা হঠাৎ এমন করে মান্নান সাহেবের বাড়িতে ঝটিকা সফর সারলেন দিলীপবাবু, কী কথা হল তাঁদের তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শুক্রবার হুগলির ব্যান্ডেলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেই কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে যান। মান্নান সাহেবের বাড়িতে চা পান করেন। উভয় নেতার মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়।
২০১৬-২১ রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন মান্নান। আর তার মধ্যে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত দিলীপ ঘোষ ছিলেন বিধায়ক। সেই সময় উভয়ের নিয়মিত দেখা-সাক্ষাৎ হত, কথা হত। দীর্ঘদিন দেখা হয়নি, তাই কর্মসূচি সেরে ফেরার পথে আবদুল মান্নানের বাড়িতে ঢুকে পড়েন দিলীপ ঘোষ।
যুযুধান দুই পক্ষের নেতা দিলীপ ও মান্নান। তাঁদের সৌজন্যে সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়। রাজ্য রাজনীতিতে যখন বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চলছে, শুভেন্দু বনাম দিলীপ দ্বৈরথ চলছে, তখন কংগ্রেস নেতা মান্নানের বাড়িতে যাওয়া নিয়ে যে জল্পনা আরও বেশিমাত্রায় হবে, তা বলাই বাহুল্য।
তারপর রাজ্যে পঞ্চায়েত ভোট সামনে। তার আগে কোনও ভোট সমীকরণের জন্য এই সাক্ষাৎ কি না, সে প্রশ্নও রয়ে যায়। তবে সেইসব জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ জানান, গত কয়েকদিন ধরেই শারীরিকভাবেই অসুস্থ ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান।
হুগলিতে কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মান্নানের শারীরিক অসুস্থতার কথা শুনে তিনি দেখতে গিয়েছিলেন। দিলীপ ঘোষ এদিন মান্নানেপ শেওড়াফুলির বাড়িতে দেখা করতে যান। তাঁদের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত নির্বাচন নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানান দিলীপ ঘোষ।
যখন কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি কংগ্রেস নেতার বাড়ি গিয়ে দেখা করার ঘটনা জল্পনা বাড়িয়ে দিয়েছে। এদিন কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নানকে একটি শালও উপহার দেন দিলীপ ঘোষ। দিলীপবাবু এদিন আবদুল মান্নানকে নিজের মাস্টারমশাই বলে উল্লেখ করেন। বলেন, তাঁকে দেখেই শিখেছি পরিষদীয় রাজনীতি। তাঁকেই মেনেছি রাজনৈতিক শিক্ষাগুরু।












Click it and Unblock the Notifications