বিধায়কের বেআইনি কাজের প্রাইস লিস্ট! মনোজ তিওয়ারির বিরুদ্ধে পড়ল বিতর্কিত ব্যানার
শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে পড়ল ব্যানার! আর তা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। হাওড়া পুরনিগমের গেটের বাইরে মন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত ওই পোস্টার পড়ে বলে জানা গিয়েছে। যদিও পরে সেই ব্যানার দুটি খুলে ফেলা হয় বলে জানা গিয়েছে।
হাওড়া পুরনিগমের গেটের বাইরে এমন দুটি পোস্টার ব্যানার দেখা গেছে যাতে শিবপুর কেন্দ্রের বিধায়কের বেআইনি কাজের প্রাইস লিস্ট লেখা রয়েছে। ব্যানারের নিচে লেখা হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিক বৃন্দ। এই ব্যানারে এক একটা করে 'বেআইনি কাজের' খতিয়ান উল্লেখ করা ছিল। বাড়ি থেকে উচ্ছেদের জন্য ১০ লাখ টাকা, জমি দখলের জন্য ৩০ লাখ টাকা, বেআইনি বাড়ি নির্মাণের জন্য প্রতি তলা ১০ লাখ টাকা ইত্যাদি লেখা ছিল ব্যানার পোস্টারে। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি।

হাওড়া পুরনিগমের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন রাতে কে কখন ব্যানার লাগিয়েছে তা জানা যায়নি। খবর পাওয়া মাত্রই হাওড়া থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। দুটি ব্যানার খুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির বিরুদ্ধে এই ব্যানার পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুরজিৎ সাহা বলেন, এটা বিরোধীদের অপপ্রচার ছাড়া কিছু নয়। আমাদের দল এই শিক্ষা দেয় না যে দলের নেতার বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে জনসমক্ষে কিছু মন্তব্য করা বা এই ধরনের অপপ্রচার করা। আমরা আমাদের যা কিছু অভিযোগ সেটা দলের মধ্যেই আলোচনা করি। এটা বিরোধীদের কাজ বলে জানিয়েছেন সুরজিত সাহা।

শুধু তাই নয়, মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা আগে প্রমাণ হোক। সেটা প্রমাণসাপেক্ষ বিষয় বলে দাবি তাঁর। তবে পুরো বিষয়টি দল নিশ্চয়ই বিষয়টা দেখবে। যদি অভিযোগ সত্যি প্রমাণ হয় তাহলে এর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুরজিৎ সাহা। তবে এটা না প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে এটা বিরোধীদের অপপ্রচার ছাড়া কিছু ছিল না। তবে এই বিষয়ে বিরোধীরা কোনও দায় নিতে চাইনি।
পালটা তাদের বক্তব্য যে, গত কয়েকদিন আগে বিধায়কের সঙ্গে আরেক মন্ত্রীর বিরোধ দেখেছে বাংলার মানুষ। ফলে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেই দাবি বিরোধীদের। যদিও এই বিষয়ে মনোজ তিওয়ারির কোনও বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications