কুলিয়ায় নদীতে ভেঙেছে বাঁশের সাঁকো, হাওড়ার দ্বীপাঞ্চলের ৪০ হাজার বাসিন্দার দুর্দশায় সরব কংগ্রেস
নদীর উপর বাঁশের সাঁকোর ভরসায় চলত হাওড়ার দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত। কুলিয়ায় মুণ্ডেশ্বরী নদীর উপর ব্রিজ তৈরির দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি দ্বীপবাসীর। সেই বাঁশের সাঁকো ভেঙে পড়ার পর আজও কুলিয়া ব্রিজ না গড়ে ওঠায় সরব হয়েছেন বাসিন্দারা। হাওড়ার দ্বীপাঞ্চলের ৪০ হাজার বাসিন্দার পাশে দাঁড়িয়ে দুর্দশায় সরব হয়েছে কংগ্রেসও।
আমতার কুলিয়ায় বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন কংগ্রেস নেতৃত্ব। কুলিয়ার এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা ও ঘোড়াবেরিয়া-চিৎনান গ্রামের প্রায় ৪০ হাজারের বেশি মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভুটভুটি নৌকাই এখন একমাত্র তাদের পারাপারের ভরসা।

শনিবার সকালে সেখানকার দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করতে যান আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান। নির্মীয়মান কুলিয়া ব্রিজ দেখার পর নির্মাণকারী সংস্থা ম্যাকিনটোস বার্ন লিমিটেডের অফিসে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গেও তাঁরা আলোচনা করেন।
এই আলোচনায় ওঠে ব্রিজের কাজে অর্থের জোগানের বিষয়টিও। কংগ্রেসের অভিযোগ, ২০১৩ সালে কুলগাছিয়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলিয়া ব্রিজের শিলান্যাস করেন ও হাওড়া জেলা পরিষদকে দায়িত্ব দেন এবং ৯ কোটি টাকা অনুমোদন করেন।
তারপর দীর্ঘদিন একটি টাকার কাজ না হওয়াতে ২০২১ সালে ঠিক বিধানসভা নির্বাচনের আগে কাশমূলি ফুটবল গ্রাউন্ডে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্যের উপস্থিতিতে আমতা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুকান্ত পাল অর্থ দফরের লিখিত অনুমোদন দেখান। তিনি দেখান ২৩ কোটি ৫২ লক্ষ টাকা কুলিয়া ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে।

তারপর আবার কিছু না হওয়ায় ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের উপস্থিততে আবার শিলান্যাস করেন। বর্তমানে ব্রিজের কাজ অত্যন্ত শ্লথ গতিতে চলছে। এদিন আবার নির্মাণ সংস্থার অফিসাররা অর্থের যোগানের কথা বলেন।
কংগ্রেসের দাবি, অবিলম্বে কুলিয়া ব্রিজের প্রকল্পে অর্থের জোগান দিতে হবে এবং দ্রুত ব্রিজের কাজ শেষ করে দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্টকে লাঘব করতে হবে। তা না হলে মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র জানান। উল্লেখ্য, কুলিয়ায় মুণ্ডেশ্বরী নদীর উপর কংক্রিটের ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর, দাবি ছিল কংগ্রেসের প্রাক্তন বিধায়কেরও।












Click it and Unblock the Notifications