কলকাতার পর এবার হাওড়া স্টেশন! যাত্রীর ব্যাগ খুলতেই বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার
গত কয়েকদিনে কলকাতার একের পর এক জায়গা থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। কখনও ইডি তো কখনও সিবিআই বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার করেছে। এই অবস্থায় বড়সড় সাফল্য রেলওয়ে পুলিশের।
ফের বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার! তবে এবার বিপুল টাকা উদ্ধার হল হাওড়া স্টেশনে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৪০ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে খবর। এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল এই টাকা আরপিএফ উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিনে মহানগরের একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।

কখনও গড়িয়াহাটের একটি গাড়ি থেকে এক কোটি তো কখনও আবার পার্কস্ট্রিট এলাকার একটি গাড়ি থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের ঘটনা ঘটেছে। যা নিয়ে শহর জূড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এর মধ্যেই ফের টাকা উদ্ধারের ঘটনা। তাও আবার কিনা হাওড়া স্টেশনের মতো একটি ব্যস্ত জায়গা থেকে।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্মের তল্লাশি চলছিল। প্রত্যেকদিনের মতোই এদিন এই তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু একটি ব্যক্তিকে ঘিরে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। তাঁকে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় ওই ব্যক্তির ব্যাগেও।
আর সেখানে তল্লাশি চালাতেই একেবারে চক্ষুচড়ক অবস্থা। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয় সেখান থেকে। ঘটনার পরেই ওই ব্যাগটি সহ ওই ব্যক্তিকে আটক করে আরপিএফ। গণনাতে ৪০ লাখ টাকা উদ্ধার হয়। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কোথায় কীসের জন্যে নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কিছুই বলতে পারেননি ওই ব্যক্তিকে।
এমনকি বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই ব্যক্তি। এমনকি দীর্ঘ জেরায় একাধিক অসঙ্গতি পেয়েছেন আরপিএফ আধিকারিকরা। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
তবে ধৃত ওই ব্যক্তির নাম নীরজ বলে জানা যাচ্ছে। সে বিহারের বাসিন্দা। আজ বুধবারই ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নামে। কিন্তু কোথায় যাচ্ছিল সে বিষয়ে কোনও তথ্যও সে দিতে পারেনি বলে জানা যাচ্ছে। যদিও নীরজকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে খবর।
একেবারে গভীরে গিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications