পুজোর মুখে বন্ধ হাওড়ার ভারত জুটমিল, কর্মহীন প্রায় ৫০০ কর্মী
মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব। তার জেরে বন্ধ হয়ে গেল হাওড়ার ভারত জুটমিল। বৃহস্পতিবার সকালে এই খবর পাওয়া যায়। কারখানার গেটে জুটমিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে অসন্তোষ। পুজোর আগে কাজ হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে সাধারণ কর্মীদের।
আজ বৃহস্পতিবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে আসেন। দেখেন গেটে ঝুলছে 'সাসপেনশন অফ ওয়ার্ক' নোটিশ। এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। কর্মচারীদের অভিযোগ, ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল।

গত কয়েক দিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য চাপ দেওয়া হয়। শ্রমিকদের ওপর রাজ্যের শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে। কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব। গতকাল এই নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায়। গত তিন দিন ধরে চটকলের মধ্যে অশান্তি লেগেছিল বলে খবর। আজ সকাল থেকে মিল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
কর্মীদের আরও অভিযোগ, ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। এক বছর হল নতুন ম্যানেজমেন্ট এখানে এসেছে। তারপর থেকেই শ্রমিকদের উপর চাপ বাড়ানো হয়েছে ।অনেকের কাজ চলে গিয়েছে। শিক্ষানবিশদের কাজে দেওয়া হচ্ছে না। পুরনো শ্রমিকদের উপর কাজের চাপ বাড়ানো হয়েছে। পাশাপাশি কোনও আর্থিক উন্নতি নেই। পিএফ, ইএসআইয়ের টাকাও ম্যানেজমেন্ট জমা করছে না, বলে অভিযোগ। শ্রমিক ইউনিয়নগুলি মালিকপক্ষের হয়ে কথা বলছে বলেও অভিযোগ।
এদিকে মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে, তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি। এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে। তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে।
পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিশ পেলেন। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সামনে পুজো। মাইনেকড়ি পর্যন্ত হয়নি এখনও। তারা বুঝে উঠতে পারছেন না, কীভাবে এই পরিস্থিতি সামাল দেবেন। তারা চাইছেন আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষ ফের মিল চালু করুক।












Click it and Unblock the Notifications