রামনবমীর পর হনুমান-জয়ন্তীতেও অস্ত্র হাতে মিছিল! কড়া পদক্ষেপ পুলিশের
রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে হনুমানজয়ন্তী। কোনও জায়গাতে যাতে অশান্তি না হয় সেজন্যে কড়া নিরাপত্তার মোড়কে রাজ্য। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যজুড়ে একাধিক জায়গাতে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও।
আর এর মধ্যেই ফের একবার অস্ত্র হাতে মিছিল বাংলায়। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। রামনবমীর মিছিল ঘিরে একেবারে উত্তাল হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন অংশ। এই অবস্থায় হনুমানজয়ন্তীতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে সতর্ক পুলিশ প্রশাসন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও শান্তি রাখার বার্তা দিয়েছেন।

এমনকি এরপরেও কেউ অপ্রীতিকর কোনও ঘটনার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। কড়া এই নিরাপত্তার মধ্যেই একটি ভিডিও সামনে এসেছে।
যেখানে অস্ত্র হাতে ডিজে বাজিয়ে নাচতে নাচতে মিছিল করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবককে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি। জানা যাচ্ছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়া কলবাজার এলাকায়। তবে ভিডিও সামনে আসতেই কড়া পদক্ষেপ পুলিশ নিয়েছে বলে জানা গিয়েছে।
মিছিল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পরেই সমস্ত অস্ত্র ঢুকিয়ে নেওয়া হয়েছে বলেও খবর। তবে এই ঘটনার পর পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে ওই এলাকাতে। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে দিয়েও রুট মার্চ করানো হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু নিরাপত্তা উপেক্ষা করে ওই মিছিল কীভাবে বের হল তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে মিছিল নিয়ে সমস্ত পুলিশ, প্রশাসন এবং জেলা শাসকদের সতর্ক থাকার কথা বলা হয়। শুধু তাই নয়, একাধিক গাইডলাইন প্রকাশ করা হয়। আর সেই গাইড লাইন মেনেই সমস্ত মিছিল রাজ্যজুড়ে বের হচ্ছে বলে খবর।
অন্যদিকে বুধবার কলকাতা পুলিশের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়। যেখানে অস্ত্র বা লাঠি হাতে শোভাযাত্রায় বেরনো যাবে না বলে জানানো হয়। এমনকি ডিজে নিয়ে মিছিল বার করার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই মতো সতর্ক কলকাতা পুলিশও। কলকাতায় প্রায় সমস্ত মিছিলই শেষ হয়ে গিয়েছে বলে খবর।

এদিন সকাল থেকে রাস্তায় ছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজে হনুমানমন্দিরে পুজো দেন। এমনকি আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক এলাকাতেও যান রাজ্যপাল বোস। এমনকি মানুষের সঙ্গে কথা বলেও পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি।












Click it and Unblock the Notifications