বাড়িতে ঘুমন্ত তরুণীর উপর অ্যাসিড হামলা? ভয়াবহ ঘটনা বেলুড়ে
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন। উত্তাল গোটা বাংলা। রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায়। বহু ক্ষেত্রেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তার মধ্যেই ফের অ্যাসিড হামলার অভিযোগ। এক্ষেত্রেও আক্রান্ত এক তরুণী৷
চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে এসেছে হাওড়ায়। হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকায় অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে। রাতে বাড়ির ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছোঁড়া হয়। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণী৷ কে বা কারা এই ঘটনা ঘটালো?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার রাত একটার আগে পরে সময়ে এই হামলা হয়। এমনই অভিযোগ প্রাথমিকভাবে উঠে এসেছে৷ জানা গিয়েছে, ওই বাড়িটি পুরনো। একটি ঘরে বাড়ির ছয় জন সদস্য ঘুমাচ্ছিলেন রাতে। সেই ঘরেই একটি বড় ঘুলঘুলি আছে৷ সেখান দিয়েই অ্যাসিড ছোঁড়া হয়।
ঘুলঘুলির সামনেই বিছানা। বাড়ির সদস্যা বছর ২৫ এর তরুণীর উপর সেই অ্যাসিড এসে পড়ে৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চিৎকার, চেঁচামেচিতে প্রতিবেশীরাও বেরিয়ে পড়েন। রাতেই ওই তরুণীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
বেলুড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনায়। কয়েক মাস পরেই ওই তরুণীর বিয়ের ঠিক হয়েছিল। কে বা কারা এই হামলা করল সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করেছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর। পরিবারের সদস্যদেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।












Click it and Unblock the Notifications