Argentina: মেসিকে ছাড়াই চিলির বিরুদ্ধে সহজ জয় আর্জেন্টিনার, ১০ নম্বর জার্সিতে বিরাট চমক
অবসর নিয়েছেন ডি মারিয়া, চোটের জন্য খেলতে পারেননি মেসিও। কিন্তু তাতেও জয় আটকালো না আর্জেন্টিনার। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নামল স্কালোনির দল। বিশ্বকাপের বাছাই পর্বে চিলির বিরুদ্ধে ৩-০ গোলে মসৃণ জয় পেল নীল সাদা ব্রিগেড।
যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর এটা ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ফলে কিছুটা চাপ বাড়ছিল মেসিহীন আর্জেন্টিনার উপর।বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বেশ হিমশিম খেয়েছিল গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই চেনা ছন্দে দেখা বিশ্ব চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধের শুরুতে এবং ম্যাচের শেষদিকে গোল করে জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা।

৭৮তম মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি। আলভারেস, মাক আলিস্তের ও লেসান্দ্রো মার্তিনেসকে তুলে আলেহান্দ্রো গারনাচো, দিবালা ও মার্কোস আকুনাকে বদলি নামান তিনি। মেসির অনুপস্থিতিতে আচমকা দলে ডাক পাওয়া দিবালা খেলতে নামেন মহাতারকার ১০ নম্বর জার্সিতে।
এরপর সংযোজিত সময়ে তৃতীয় গোল করেন পাওলো দিবালা। কোপা আমেরিকায় দলে ডাক পাননি দিবালা। এবার মেসির চোট ও মারিয়ার অবসরের কারণে দলে ডাক পেয়েই বাজিমাত করলেন এসি রোমার এই তারকা।
কোপার ফাইনাল খেলেই অবসর নেওয়া ডি মারিয়াকে এই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। ম্যাচের আগে গোটা আর্জেন্টিনা দল যখন ওয়ার্ম আপ করছিল তখন পরিবার নিয়ে মাঠে উপস্থিত হন সদ্য প্রাক্তন হওয়া ডি মারিয়া।। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তাঁর স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।
সতীর্থকে বার্তা দিয়ে মেসি লিখেছেন, আমি আশা করি আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে এই সন্ধ্যাটি অনেক উপভোগ করবেন। আমাদের যা বলার দরকার ছিল তা আমরা বলেছি। আমরা অনেক কিছু শেয়ার করেছি, অবশ্যই আমরা আপনার অভাব অনুভব করব। শীঘ্রই দেখা হবে।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিওনেল স্কালোনির দল। ৬ ম্যাচ খেলে দ্বিতীয় উরুগুয়ের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। আগামী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও খেলতে পারবেন না মেসি।তবে মেসি নির্ভরতা কাটিয়ে উঠার আভাস দিল চিলি ম্যাচ।












Click it and Unblock the Notifications