বার্সেলোনা ছাড়তে চলা মেসির অপেক্ষায় তাঁর পাড়ার ক্লাব! স্বপ্ন কি সত্যি হবে!
বার্সেলোনা ছাড়তে চলা মেসির অপেক্ষায় তার পাড়ার ক্লাব! স্বপ্ন কি সত্যি হবে!
তবে কি সত্যিই বার্সেলোনা ছাড়তে চলেছেন লিওনেল মেসি, এই আলোচনার সঙ্গেই যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি তা হল, এবার কোন ক্লাবে খেলতে দেখা যাবে এলএম টেনকে। উঠে এসেছে বেশ কয়েকটি নামি ক্লাবের নাম। সে সবের মধ্যেও লিও-এর শৈশবের শহর রোজারিও প্রিয় ফুটবলারের অপেক্ষায় বসে। স্বপ্ন একটাই এবার যদি পাড়ার পুরনো ক্লাবে খেলেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

নিওয়েলস ওল্ড বয়েজ
আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস থেকে ৩০০ কিমি উত্তর-পশ্চিমের শহর রোজারিওতে জন্ম এবং শৈশব কেটেছে লিওনেল মেসি। সেই এলাকারই জনপ্রিয় ফুটবল ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের জার্সিতে মাঠে নেমে পায়ের কারিকুরি দেখাতে শুরু করেছিলেন এলএম টেন। সেখান থেকেই তুলে নিয়ে গিয়ে লিও-কে রাজার আসনে বসিয়েছিল বার্সেলোনা।

লিও-এর অপেক্ষায় রোজারিও
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন লিওনেল মেসি। সেই খবর চাউর হতেই লিও-র শৈশবের শহর রোজারিও আশায় বুক বেঁধেছে। আশা একটাই, আর কোনও বড় শিবিরে নয়, এবার পাড়ার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজেই খেলবেন ৩৩ বছরের মেসি। যদিও তা যে সম্ভব নয়, তা বিলক্ষণ জানেন ক্লাব কর্তারা। জানেন এলাকার মানুষও। তবু স্বপ্ন দেখতে ক্ষতি কী!

আর্জেন্টিনার জন্য ফিরুক মেসি
শৈশবের ক্লাবের জন্য না হোক, এবার অন্তত ফুটবলের জন্য আর্জেন্টিনায় ফিরুক লিওনেল মেসি, চান সে দেশের মানুষ। আর্জেন্টিনার ফুটবলকে আরও সম্বৃদ্ধ করতে লিও-এর মতো ব্যক্তিরই প্রয়োজন বলে মনে করে রোজারিও।

মেসিকে নিয়ে ক্লাব জল্পনা
লিওনেল মেসিকে সই করানোর প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। আরও এক ব্রিটিশ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও এলএম টেনকে নেওয়ার জন্য ছিপ ফেলে রেখেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications