মেসি-রোনাল্ডা থেকে নেইমার-এমবাপে-বেল! ফিফা বিশ্বকাপে কোন ১০ মহারথীর দিকে রাখবেন নজর?
রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর ফাইনাল নিশ্চিত করে দেবে ২২তম বিশ্বকাপ কোন দেশের দখলে যাচ্ছে। বিশ্বকাপের আসর থেকেই উঠে আসবেন ভবিষ্যতের তারকা। আবার অনেকের কাছে এটাই শেষ বিশ্বকাপ। একনজরে দেখে নেওয়া যাক কাদের দিকে নজর রাখবেন ফুটবলপ্রেমীরা।
|
হ্যারি কেন
ইংল্যান্ডের হ্যারি কেনের পরিসংখ্যান বলছে, গড়ে বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন তিনি। ইংল্যান্ডের অধিনায়ক ইংল্যান্ডের হয়ে সর্বাধিক গোলের নিরিখে ওয়েন রুনির ৫৩টি গোলের রেকর্ড ধরে ফেলবেন দুবার বল জালে জড়াতে পারলেই। সেন্ট্রাল মিডফিল্ড হোক বা একমাত্র স্ট্রাইকার যে কোনও ভূমিকায় প্রতিপক্ষ রক্ষণকে নাস্তানাবুদ করতে দক্ষ থ্রি লায়ন্সের ক্যাপ্টেন।
|
রবার্ট লেওয়ানডস্কি
পোল্যান্ডের রবার্ট লেওয়ানডস্কি নিজের শেষ বিশ্বকাপটিকে স্মরণীয় করে রাখতে চাইবেন। তাঁর বয়স এখন ৩৪। বার্সেলোনার হয়ে ১৯টি ম্যাচে ১৮টি গোল করেছেন। জার্মানির বুন্দেশলিগায় সাত মরশুম ধরে সর্বাধিক গোল করার নজির গড়েছেন। ২০২০-২১ মরশুমে তিনি ৪১টি গোল করেছেন। ৬ ফুট ১ ইঞ্চির এই গোলমেশিন বিশ্বের অন্যতম সেরা সেন্টার-ফরওয়ার্ডদের একজন।

মিচি বাতশুয়াই
বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুইন, ইডেন হ্যাজার্ডদের মতো তারকারা রয়েছেন। তবে ফুটবলপ্রেমীদের নজর কাড়তে পারেন মিচি বাতশুয়াই। বেলজিয়ামের হয়ে ২৬টি গোল করেছেন। গতি তাঁর প্রধান অস্ত্র। সতীর্থদের সঙ্গে ভালো তালমিল রেখে তিনি মুহূর্তের মধ্যে সুযোগ তৈরি করে ফেলতে পারদর্শী।

ফ্যাবিনহো
ব্রাজিলের ২৯ বছরের মিডফিল্ডার ফ্যাবিনহো সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন বলেই মনে করা হচ্ছে। লিভারপুলে খেলা মিডফিল্ডার অবশ্য খুব বেশি গোল করার সুযোগ পাবেন না। ব্রাজিলের হয়ে ২৮টি ম্যাচে গোল নেই। ব্রাজিলের হেড কোচ তিতে আক্রমণভাগে ৯ জন ফুটবলার রেখে দল গড়েছেন। তবে স্ট্রাইকারদের বল বাড়াতে ফ্যাবিনহো কার্যকরী ভূমিকা পালন করতে পারেন।

গ্যারেথ বেল
এবারের বিশ্বকাপে চমক দেখাতে পারে ওয়েলস। আর সেই দলের প্রধান স্তম্ভ গ্যারেথ বেল। ফর্মে থাকলে তিনি বিধ্বংসী, সে কারণেই বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার বেল। রিয়াল মাদ্রিদে বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ও ব্যক্তিগত কারণে তিনি লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন। সেখানে প্রিমিয়ার লিগ বা লা লিগার মতো কঠিন প্রতিপক্ষ পাবেন না। তারই ফাঁকে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে নিজেকে উজাড় করে দেবেন নিশ্চিতভাবেই।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। সিআর সেভেন ফের রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন বলেও জল্পনা রয়েছে। পর্তুগালের হয়ে সর্বাধিক ১১৭টি গোল করেছেন। ৩৭ বছরেও তিনি গোলের সামনে সব সময়ই বিপজ্জনক। প্লেমেকারের ভূমিকাতেও সফল। পর্তুগালের সাফল্য নির্ভর করবে তাঁর উপরেই। রোনাল্ডোরও শেষ বিশ্বকাপ হতে চলেছে কাতারের ফিফা বিশ্বকাপ।

হাকিম জিয়েখ
আসন্ন ফুটবল বিশ্বকাপে নজর কাড়তে পারেন মরক্কোর হাকিম জিয়েখ। নির্ভুল পাস বাড়ানোর দক্ষতা, গতি, ড্রিবলিং, টেকনিক্যাল নানা বিষয়ের দক্ষতার পাশাপাশি অসাধারণ ফ্রি কিক নিতে পারদর্শী। আয়াক্সে তাঁকে ডাকা হতো দ্য উইজার্ড নামে। চেলসির উইঙ্গারের উপর নির্ভর করবে মরক্কোর শেষ ১৬-তে পৌঁছানোর বিষয়টি। মরক্কোর হয়ে ১৭টি গোল রয়েছে তাঁর নামের পাশে। গতি ও নির্ভুল পাস বাড়ানোর মাধ্যমে বিপজ্জনক হতে বেশি সময় নেন না। সতীর্থদের গোল করাতেও ভূমিকা রাখেন।

নেইমার
নেইমারের উপর অনেকটাই নির্ভরশীল ব্রাজিলের সাফল্য। ২০ বছর পর ফের ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে মরিয়া থাকবেন নেইমার। এটি তাঁরও শেষ বিশ্বকাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। স্ট্রাইকার, উইঙ্গার, মিডফিল্ডার- সব জায়গাতেই দুরন্ত খেলেন। তিতে তাঁকে নিয়ে কোন কৌশল সাজান সেটাও দেখার। নেইমারকে বিশ্বকাপে সামলাতে হবে প্রতিপক্ষ ফুটবলারদের কড়া ট্যাকল। ব্রাজিলের হয়ে এখনও অবধি ৭৫টি গোল রয়েছে নেইমারের।

লিওনেল মেসি
রোনাল্ডো, নেইমার, লেওয়ানডস্কিদের মতো এটা শেষ বিশ্বকাপ হতে চলেছে আর্জেন্তিনা অধিনায়ক লিওনেল মেসির। মেসির বয়স এখন ৩৫। আর্জেন্তিনাকে কোপা আমেরিকা জেতানোর পর মেসি চাইবেন অধরা বিশ্বকাপ ছুঁতে। ইউরোপের তামাম রেকর্ড ভেঙে দেওয়া, সাতটি ব্যালন ডি'অর খেতাবজয়ী মেসির দিকে স্বাভাবিকভাবেই থাকবে বিশ্ব ফুটবলের নজর।

কিলিয়ান এমবাপে
ফ্রান্স এবারের বিশ্বকাপে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। চোটের কারণে একাধিক ফুটবলার ছিটকে গিয়েছেন। পিএসজিতে নেইমার, মেসির সঙ্গী এমবাপে আসন্ন বিশ্বকাপে হয়ে উঠতে পারেন মহাতারকা। ২৩ বছরের এমবাপে ইতিমধ্যেই দেশের হয়ে ২৮টি গোল করে ফেলেছেন। দুই উইং ধরেই আক্রমণ শানাতে দক্ষ। আচমকাই গতি বাড়িয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। ফলে তিনি ফ্রান্সকে ফের খেতাব জিতিয়ে নিজেকে বিশ্ব ফুটবলের মঞ্চে আরও উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার দারুণ সুযোগ পাবেন।












Click it and Unblock the Notifications