যুবভারতীর ঘটনায় মমতার তদন্ত কমিটিতে আস্থা নেই শুভেন্দুর, রাজ্যপালের কাছে জানালেন বিশেষ আর্জি

কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠান সাক্ষী থাকল চূড়ান্ত বিশৃঙ্খলার। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

যদিও হায়দরাবাদে নির্বিঘ্নেই হয়েছে মেসির গোট ট্যুরের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মেসি গোট কাপের পুরস্কার বিতরণ করেছেন। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে সতীর্থদের নিয়ে পাস বাড়িয়েছেন। বল পাঠিয়েছেন গ্যালারিতেও। মজার কথা হলো, সেখানেও আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু। ফলে অনেকেই বলছেন, শতদ্রুকে গ্রেফতার করা আইওয়াশ। চাপের মুখে এটা করতেই হতো সরকারকে।

এর মধ্যেই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে "প্রশাসনিক অপদার্থতা" এবং "নাগরিকদের প্রকাশ্য অপমান"-এর স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

শুভেন্দু চিঠিতে অভিযোগ করেছেন, সরকারি অর্থে নির্মিত স্টেডিয়ামটি "রাজনৈতিক অভিজাতদের ব্যক্তিগত দরবারে" পরিণত হয়েছিল। এর ফলে টিকিট কেটে প্রবেশকারী দর্শকদের চরম হয়রানি ও অপমান সহ্য করতে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ফুটবল ভক্তদের মৌলিক সুবিধা এবং সম্মানজনক উপায়ে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল।

শুভেন্দু বলেন, "আমি গভীর উদ্বেগ, সাংবিধানিক আশঙ্কা এবং নৈতিক জরুরি অবস্থা থেকে এই চিঠি লিখছি। যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, তা কেবল প্রশাসনিক অদক্ষতা ছিল না, এটি ছিল নাগরিকদের প্রকাশ্য অপমান, লাগামহীন রাজনৈতিক সুযোগ-সুবিধার এক বীভৎস প্রদর্শনী এবং হাজার হাজার সাক্ষীর সামনে আইনের শাসনের উপর সরাসরি আঘাত।"

চিঠিতে এই পরিস্থিতির জন্য ক্রীড়া দফতর, পুলিশ কর্তৃপক্ষ এবং ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রীর ওপর দায় চাপিয়েছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, এই পরিস্থিতি রাজ্য প্রশাসনের দ্বারা "সাহায্যপ্রাপ্ত, বা এমনকী সংগঠিত" ছিল।

শুভেন্দুর আরও দাবি, কর্তৃপক্ষের আচরণে জনসাধারণের কাছে দায়বদ্ধতার প্রতি উদাসীনতা এবং ক্ষমতার অপব্যবহারের প্রতিফলন ঘটেছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত তদন্ত কমিটি নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এই কমিটির স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নেই।

শুভেন্দু উল্লেখ করেন যে, এই প্যানেলের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম রায়, যিনি বর্তমানে রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে একটি সংবিধিবদ্ধ পদে আছেন। কমিটিতে এমন উচ্চপদস্থ আমলারাও রয়েছেন, যাঁদের কার্যকলাপই এখন বিচারাধীন। চিঠিতে তিনি বলেন, "এই কমিটি কাঠামোগতভাবে আপসকৃত, আইনত দুর্বল এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য।"

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে একটি সত্যিকার অর্থে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিতে অনুরোধ করেছেন শুভেন্দু। তিনি প্রস্তাব দেন যে, কমিটিটি কলকাতা হাইকোর্টের বর্তমান একজন বিচারপতির নেতৃত্বে হওয়া উচিত এবং রাজ্য সরকারের সঙ্গে কোনও প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক বা রাজনৈতিক সম্পর্কবিহীন সৎ ও নির্ভুল ব্যক্তিদের দ্বারা সহায়তা করা উচিত।

শুভেন্দু লিখেছেন, "এই বিষয়টি ফুটবল, রাজনীতি এবং ব্যক্তিত্বের ঊর্ধ্বে। এটি নাগরিকদের সম্মানের সঙ্গে ব্যবহার করার অধিকার, জনস্বার্থে রাষ্ট্রের ট্রাস্টি হিসাবে কাজ করার বাধ্যবাধকতা এবং নির্বাহী কর্তৃপক্ষ যখন নিজেই আইন হয়ে ওঠে, তখন সাংবিধানিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ করার কর্তব্য নিয়ে প্রশ্ন তোলে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+