সুপার কাপ আগামী মাসে হবে কেরলে, এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের খেলা কবে জানুন
সুপার কাপের আসর আগামী মাসে বসছে কেরলে। আজ ক্রীড়াসূচি ঘোষণা করল এআইএফএফ।
এই প্রথমবার সুপার কাপ আয়োজন করছে এআইএফএফ। এপ্রিলে এই প্রতিযোগিতার আসর বসছে কেরলের কোঝিকোড়ে ও মঞ্জেরিতে। মূলপর্বে অংশ নেবে ১৬টি দল। আজ এই প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করা হয়েছে। সুপার কাপে বিজয়ী দল কন্টিনেন্টাল পর্যায়ে খেলার সুযোগ পাবে বলেও ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

সুপার কাপ এপ্রিলে
এএফসি কাপের সাউথ জোন গ্রুপে কারা খেলবে তা নির্ধারিত হবে সুপার লিগ বিজয়ী দলের সঙ্গে গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসির দ্বৈরথে। এই প্রতিযোগিতায় অংশ নেবে আইএসএলের ১১টি দল এবং আই লিগের ১০টি দল। আইএসএলের দলগুলির সঙ্গে আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলি মূলপর্বে যাবে কোয়ালিফিকেশন পর্বের ম্যাচ খেলার মাধ্যমে। আই লিগে যে দলগুলি দ্বিতীয় থেকে অষ্টম স্থান অধিকার করেছিল সেই দলগুলিই প্লে-অফ কোয়ালিফায়ার খেলে টুর্নামেন্টেপ মূল গ্রুপ পর্বে ওঠার যোগ্যতা অর্জন করতে পারবে। আই লিগের নবম ও দশম স্থান অধিকার দলগুলির মধ্যে একটি প্লে-অফ হবে, সেই ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফায়ারে।

মূলপর্বে ১৬ দল
সুপার কাপের মূল পর্বে খেলবে ১৬টি দল। এই দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি এবং আই লিগের দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে এলিমিনেটর জয়ীর মধ্যে যে ম্যাচ হবে তাতে বিজয়ী দল। গ্রুপ বি-কে রয়েছে হায়দরাবাদ এফসি, ওডিশা এফসি, ইস্টবেঙ্গল এবং আই লিগে চতুর্থ ও সপ্তম স্থানাধিকারীর ম্যাচে জয়ী দল। গ্রুপ সি-তে রয়েছে এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, এফসি গোয়া ও আই লিগে তৃতীয় ও অষ্টম স্থানাধিকারীর ম্য়াচে বিজয়ী দল। গ্রুপ ডি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, চোন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং আই লিগে পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারীর লড়াইয়ে জয়ী দল।

ইস্টবেঙ্গলের ম্য়াচগুলি
সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি শুরু হবে ৩ এপ্রিল থেকে। প্রথম দিন কোয়ালিফাইং প্লে-অফে খেলবে আই লিগের নবম ও দশম স্থানাধিকারী দল। কোয়ালিফায়ার শুরু এপ্রিলের ৫ তারিখ থেকে। সুপার কাপের গ্রুপ পর্বের খেলাগুলি শুরু ৮ এপ্রিল থেকে। ৯ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওডিশা এফসি। এরপর ১৩ এপ্রিল লাল হলুদের মুখোমুখি হায়দরাবাদ এফসি। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে ১৭ এপ্রিল।

এটিকে মোহনবাগানের ম্য়াচ
১০ এপ্রিল সুপার কাপ অভিযান শুরু এটিকে মোহনবাগানের। ওইদিন হুয়ান ফেরান্দোর দল খেলবে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে। ১৪ এপ্রিল সবুজ মেরুনের সামনে জামশেদপুর এফসি। ১৮ এপ্রিল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া। ২১ এপ্রিল সেমিফাইনালে এ গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে সি গ্রুপের শীর্ষস্থান দখল করা দলের বিরুদ্ধে। ২২ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বি ও ডি গ্রুপের শীর্ষস্থান দখল করা দুটি দল। ২৫ এপ্রিল হবে ফাইনাল। তবে ক্রীড়াসূচি অনুযায়ী একমাত্র ফাইনালে উঠলেই কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ইস্টবেঙ্গলের যা দলগত শক্তি এবং যে কঠিন গ্রুপে পড়েছে তাতে সেই সম্ভাবনা কার্যত নেই।












Click it and Unblock the Notifications