Super Cup 2023: সুপার কাপে এটিকে মোহনবাগানের বিরাট জয়, গোকুলামকে হারাল ৫-১ গোলে
সুপার কাপ অভিযান দারুণভাবেই শুরু করল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে দিল ৫-১ গোলে।
জোড়া গোল করে ম্যাচের সেরা লিস্টন কোলাসো। সবুজ মেরুনের হয়ে একটি করে গোল করেন মনবীর সিং, হুগো বুমোস ও কিয়ান নাসিরি গিরি।

গোকুলামের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন হুয়ান ফেরান্দোর ছেলেরা। ২৭ মিনিটের মধ্যেই সবুজ মেরুনকে ২-০ গোলে এগিয়ে দেন কোলাসো। দিমিত্রি পেত্রাতসকে বিশ্রাম দিয়ে আক্রমণভাগে এদিন কিয়ানকে শুরু থেকে নামান ফেরান্দো। গোকুলামের ডিফেন্ডার আবদুল হাক্কুর ভুলের ফায়দা নিয়ে প্রথম গোলটি করেন লিস্টন।
২৭ মিনিটে আসে তাঁর দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে আশিস রাই লিস্টনকে মাপা শট বাড়ান, লিস্টন গোকুলামের ডিফেন্ডারকে ফার্স্ট টাচে বোকা বানিয়ে যে শটটি নেন তা রোখা দুঃসাধ্য ছিল শিবিনরাজের পক্ষে। হাফ টাইমের আগেই ৩-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কিয়ানের বাড়ানো বল ধরে গোল করে যান হুগো বুমোস।

৬৩ মিনিটে এটিকে মোহনবাগানের চতুর্থ গোলটি আসে মনবীর সিংয়ের পা থেকে। লিস্টনের থেকে বাঁ দিকে বল পেয়েছিলেন বুমোস, তিনি তা বাড়ান বক্সের মধ্য়ে অপেক্ষমান মনবীরকে লক্ষ্য করে। মার্কারকে কোনও সুযোগ না দিয়ে মনবীর বল জালে জড়িয়ে দেন। এরপর ব্যবধান কমাতে সক্ষম হয় গোকুলাম। বুবা আমিনৌয়ের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন সের্জিও মেন্ডিগুটক্সিয়া।

খেলা শেষেল বাঁশি বাজার ঠিক আগে গোল করেন কিয়ান নাসিরি গিরি। এটি এই ম্যাচে সবুজ মেরুমের পঞ্চম গোল। গ্রুপ পর্যায়ের পরবর্তী ম্যাচে শুক্রবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ফেরান্দোর প্রশিক্ষণাধীন দল খেলবে ১৮ এপ্রিল।












Click it and Unblock the Notifications