সুনীল ছেত্রীর গোলে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে জয় বেঙ্গালুরুর, ঘরের মাঠে হারল মুম্বই
আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। মুম্বইয়ে এই ম্যাচে জয়সূচক গোলটি করেন সুনীল ছেত্রী।
সুনীল ছেত্রীর গোলই বেঙ্গালুরু এফসিকে পৌঁছে দিয়েছিল সেমিফাইনালে। কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে ফ্রি কিক থেকে সুনীল যে জয়সূচক গোলটি করেছিলেন তা নিয়ে বিতর্ক কম হয়নি। সেই সুনীলই এবার গোল করে বেঙ্গালুরু এফসিকে ফাইনালে ওঠার দিকে এগিয়ে রাখলেন। ঘরের মাঠে পরাস্ত মুম্বই সিটি এফসি।

লিগ শিল্ড জেতার পর ১৬ দিনের বিরতি নিয়ে এদিন ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি। লিগ পর্বের শেষ ম্যাচে অবশ্য তারা পরাস্ত হয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। বেঙ্গালুরু এফসি সেমিফাইনালে নামার আগে টানা ৯টি ম্যাচ জিতেছিল। সেই সংখ্যা এদিন বেড়ে হলো ১০। এদিনের সেমিফাইনালের আগে পর্যন্ত দুই দলের সাক্ষাৎ হয়েছিল ১২ বার। তার মধ্যে মুম্বই সিটি এফসি জিতেছিল ৬টিতে, বেঙ্গালুরু ৫টিতে। ২০১৮ সালে একটি ম্যাচ ড্র হয়েছিল। গত ১৭ নভেম্বর মুম্বই ফুটবল অ্যারেনায় বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়েছিল মুম্বই সিটি এফসি। ফিরতি সাক্ষাতে গত ১৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়েছিল।
প্রথমার্ধে বেঙ্গালুরুর বিরুদ্ধে দাপট দেখায় মুম্বই সিটি এফসি। যদিও দুই দলের রক্ষণভাগ জমাট থাকায় কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। শুরু থেকেই বেঙ্গালুরুর অর্ধে চাপ বজায় রাখায় চেষ্টা চালাতে থাকেন মুম্বই সিটি এফসি-র ফুটবলাররা। কয়েকটি ভালো আক্রমণ দানা বাঁধলেও তা থেকে গোল আসেনি। বিরতির কিছুটা আগে ছন্দ ফিরে পায় বেঙ্গালুরু। দুই দলের গোলকিপার কয়েকটি ভালো সেভ করেন। মুম্বইয়ের গ্রেগ স্টুয়ার্টকেই সবচেয়ে বিপজ্জনক লাগছিল।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য ঝাঁপাতে থাকে মুম্বই সিটি এফসি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রক্ষণ সামলে প্রতি আক্রমণে কৌশলে অনড় থাকে বেঙ্গালুরু এফসি। ৫৮ মিনিটে শিবা নারায়ণনের পরিবর্ত হিসেবে এদিন মাঠে নামেন সুনীল। তারপর থেকেই বেঙ্গালুরুর আক্রমণভাগ চাপ বাড়াতে থাকে মুম্বইয়ের উপর। অনেক বেশি সুযোগ তৈরি হতে থাকে। ৭৮ মিনিটে সুনীল ছেত্রী জয়সূচক গোলটি করেন। বেঙ্গালুরুর জয়ের ব্যবধান আরও বাড়তেও পারতো। মুম্বই সিটি এফসি মাত্র তিনটি শট টার্গেটে রাখতে পেরেছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্য়াচে নামার আগে এই বিষয়টি তাদের চিন্তায় রাখবে। ম্যাচের সেরার পুরস্কারটি এদিন পেয়েছেন বেঙ্গালুরুর ডিফেন্ডার প্রবীর দাস। রবিবার ১২ মার্চ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচ ড্র রাখতে পারলেই ফাইনালে পৌঁছে যাবেন সুনীল ছেত্রীরা। আইএসএলের অপর সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।












Click it and Unblock the Notifications